০৪ এপ্রিল, ২০১৫ ১৮:০৬
জনগনের মধ্যে পুলিশী ভীতি রয়েছে। সাধারণ মানুষ পুলিশ দেখলে ভয় পায় এমনটি জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, ভীতি দূর করে, জনগনের বন্ধু হতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। জনগনকে সাথে নিয়ে অপরাধীদের দমনেরও আহ্বান জানান তিনি।
আজ শনিবার ১২টার দিকে সিলেট পুলিশ লাইনস্ মাঠে জেলা কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন আহ্বান জানান পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।
প্রধান অতিথির বক্তব্যে একেএম শহীদুল হক আরো বলেন, পুলিশ মহান ব্রত নিয়ে দেশের জন্য কাজ করছে। কমিউনিটি পুলিশিং ফোরামের মাধ্যমে দুষ্টের দমন আর সৃষ্টের পালন করতে হবে। জনগণকে সাথে নিয়ে কমিউনিটিতে যে সমস্যা আছে সে সব সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধান করতে হবে। পুলিশিং ফোরামের মাধ্যমে পুলিশ জনতা এক সাথে সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে। পুলিশিং ফোরামের মাধ্যমে মাদকের ভয়াবহতা সম্পর্কে জণগণকে জানাতে হবে। জনগণের সমস্যার সমাধান করতে হলে সমস্যার কারণ চিহ্নিত করতে হবে। পুলিশিং ফোরামের মাধ্যমে নারী নির্যাতন, বাল্য বিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কাজে পুলিশকে সহায়তা করতে হবে।
তিনি বলেন, পুলিশ-জনতা পাশাপাশি থেকে কাজ করলে সমাজের অপরাধবোধ কমে যায়। পুলিশ এবং জনতার মধ্যে প্রতিবন্ধকতা থাকলে ভাল কিছু করা সম্ভব হয় না। তাই জনগণ ও পুলিশের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে হবে।
তিনি বলেন, সমাজের সর্বস্তরের ভালো মানুষ নিয়ে পুলিশিং কমিটি করতে হবে। পুলিশিং কমিটিতে যদি কোন খারাপ লোক থাকে তাদেরকে বাদ দিতে হবে এবং ভাল মানুষকে কমিটিতে আনতে হবে। পুলিশের আইজি আরো বলেন, কমিউনিটি পুলিশিং’র মাধ্যমে কোন বিরোধের বিচার করবেন না, দুই পক্ষকে নিয়ে বিরোধের নিষ্পত্তি করবেন। দুই পক্ষ যদি রাজি না হয়, তা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দিবেন। এ কে এম শহীদুল হক বলেন, থানায় কমিউনিটি পুলিশিং কমিটি ও দালাল এক সাথে থাকতে পারে না।
শহীদুল হক আরো বলেন, জনগণের মধ্যে পুলিশি ভীতি কমানোর জন্য কমিউনিটি পুলিশিং। কমিউনিটি পুলিশকে যদি গতিশীল করা যায় তাহলে জনগণের ভীতি কমে আসবে। কমিউনিটির কার্যক্রমে কোন ওসির উদাসীনতা থাকলে সংশ্লিষ্ট এসপিকে জানাবেন। ওই ওসিকে সরিয়ে নেয়া হবে।
সমাবেশে বক্তব্য রাখেন সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী, শহীদ এসপি এম শামসুল হক এর সহধর্মিনী, সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান পিপিএম, পুলিশ কমিশনার কামরুল আহসান, জেলা প্রশাসক শহিদুল ইসলাম,পুলিশ সুপার নূরে আলম মিনা, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর ডক্টর কবির চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুক উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দীকি, কউনিউনিটি পুলিশিং এর জেলা সেক্রেটারী সিরাজ উদ্দিন, জালালাবাদ কমিউনিটি পুলিশিং এর প্রেসিডেন্ট নিজাম উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা প্রমুখ।
আপনার মন্তব্য