নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০১৫ ১৫:৫০

রহস্যময় জীবন, রহস্যময় মৃত্যু

তিনি নিজেকে কখনো পরিচয় দিতেন যুবদল, কখনো যুবলীগ আবার কখনো সাংবাদিক হিসেবেও পরিচয় দিতেন। কেউ জানতো না তার আসল পরিচয়, আসল পেশা।

নগরীর রিকাবীবাজারে ফুটপাতে দোকান বসিয়ে ভাড়া আদায় করতেন তিনি। ফুটপাতের হকাররা তাকে ভয় পেতো, চাহিবা মাত্র ভাড়া দিয়ে দিতো।

আজ দুপুরে রিকাবীবাজারেরই এক ড্রেন থেকে উদ্ধার করা হয় রাহুল আহমদ নামের এই যুবকের গলাকাটা লাশ। তাঁর জীবনের মতোই রহস্যময় তাঁর মৃত্য। উদ্ধারকালে ড্রেনের পাশ থেকে রাহুলের মোটর সাইকেলটি পড়ে ছিলো। সেটি উদ্ধার করে পুলিশ।

রবিবার দুপুর ১২টার রিকাবীবাজারস্থ মাদার কেয়ার পলি ক্লিনিক ও ইয়াকুব ম্যানশনের মাঝের ড্রেন থেকে পুলিশ রাহুলের শাল উদ্ধার করলেও তার মৃত্যুর ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।

রাহুলের গ্রামের বাড়ি বরিশালে। তিনি বর্তমানে সিলেট নগরীর বাগবাড়িতে একটি ভাড়া বাসায় থাকতেন।

রিকাবীবাজারের কয়েকজন হকার জানান, রাহুল রিকাবীবাজারের ফুটপাতে কয়েকটি দোকান বসিয়ে ভাড়া আদায় করত। সে কখনো নিজেকে যুবদল, কখনো যুবলীগ আবার কখনো সাংবাদিক পরিচয় দিত বলে জানান তারা।

মাদার কেয়ার পলি ক্লিনিকের সামনের চা বিক্রেতা আবদুল্লাহ জানান- শনিবার রাত ৮টার দিকে রাহুল মাদার কেয়ারের সামনে মোটর সাইকেল (সিলেট-এ-১১ ১৪৮১) রাখেন। এরপর রাহুল পায়ে হেঁটে অন্যত্র চলে যান।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. রহমত উল্লাহ জানান- রাহুলের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথা ও কানের বাম পাশে রক্তাক্ত জখম রয়েছে।

 

আপনার মন্তব্য

আলোচিত