২২ জানুয়ারি, ২০১৭ ১৮:০৯
দায়িত্ব নিয়েই সাংবাদিকদের নিয়ে বিষেদাগার করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে সাংবাদিকেরা পৃথিবীর সবচেয়ে ‘অসৎ মানুষদের’ শ্রেণিভুক্ত বলে মন্তব্য করেন তিনি।
শনিবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) কর্মকর্তাদের সঙ্গে সভায় ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করেন। তিনি গোয়েন্দা সদর দপ্তরে দেওয়া ১৫ মিনিটের বক্তব্যের ৯ মিনিট কথা বলেন সংবাদমাধ্যম ও সাংবাদিকদের নিয়ে।
গোয়েন্দাদের কতটা ভালোবাসেন— সভায় এ কথা বলেই ডোনাল্ড ট্রাম্প তাঁর বক্তব্য ঘুরিয়ে দেন সাংবাদিকদের দিকে। এসময় তিনি বলেন, সংবাদপত্রের সঙ্গে তাঁর সম্পর্ক বৈরিতার। অভিযোগ করেন তিনি বলেন, সাংবাদিকেরা সিআইএ ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য কাজ করছেন। সাংবাদিকদের পৃথিবীর সবচেয়ে অসৎ মানুষের গোত্রভুক্ত উল্লেখ করেন ট্রাম্প।
শপথ নেওয়ার দিন ওয়াশিংটনে যোগ দেওয়া লোকসংখ্যা নিয়ে সব সংবাদমাধ্যম ভুল তথ্য দিয়েছে বলে তিনি অভিযোগ করেন তিনি। প্রেসিডেন্ট বারাক ওবামার শপথ নেওয়ার দিনের চেয়ে লোকসমাবেশ কম হয়েছে বলে প্রায় সব মার্কিন সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এসময় তিনি আরো বলেন, সাংবাদিকেরা কায়দা করে ছবি উঠিয়েছেন এমনভাবে যাতে লোকসংখ্যা কম দেখা যায়। তিনি উল্লেখ করেন নিজের অভিষেকের দিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি লোকের সমাবেশ হয়েছে বলে। অসততার জন্য সাংবাদিকদের মূল্য দিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
ডোনাল্ড ট্রাম্পের বিষোদ্গারের কিছুক্ষণ পরই ট্রাম্পের সদ্য নিযুক্ত প্রেস সেক্রেটারি সেইন স্পাইসার হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং রুমে উপস্থিত হন। সেইন স্পাইসার তাঁর লিখিত বক্তব্যে নিয়ে উপস্থিত হন। হোয়াইট হাউস প্রেস কোরের কাছে উপস্থাপিত বক্তব্যে সেইন স্পাইসার ট্রাম্পের অভিযোগের পুনরায় উল্লেখ করেন। তিনি নিজে নিজেই একটা হিসাব দিয়ে অভিষেকের দিন লোকসমাবেশের একটি তথ্য হাজির করেন। পাশাপাশি শুক্রবার হোয়াইট হাউস থেকে এক সাংবাদিকের মার্টিন লুথার কিংয়ের মূর্তি সরিয়ে দেওয়াসংক্রান্ত ভুল সংবাদের উদাহরণ তুলে ধরেন। একজন সাংবাদিকের ভুল করে করা সংবাদটি দ্রুত সংশোধন করা হলেও তা তিনি উল্লেখ করেনি।
তাৎক্ষণিক প্রতিবেদনে প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস তাদের অনলাইন সংস্করণে বলেছে, কোনো সংবাদমাধ্যমের ছবিই প্রেসিডেন্ট বা তাঁর প্রেসসচিবের বক্তব্য সমর্থন করে না। সব ধারণকৃত ছবি পর্যালোচনা করেই বলা চলে প্রেসিডেন্ট ওবামার অভিষেকের চেয়ে লোকসমাবেশ এবারে কম হয়েছিল। নিউইয়র্ক টাইমস বলেছে, প্রেস সচিব যেসব তথ্য দিয়ে সমাবেশের উপস্থিতি বেশি বলার চেষ্টা করেছেন, তাও যথার্থ নয়। বাস, ট্রেনের যাত্রী পরিসংখ্যান দিয়ে সংবাদমাধ্যমগুলো বলছে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি যথার্থ নয়।
আপনার মন্তব্য