নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি , ২০১৭ ১৫:৫৬

প্রতারণার মাধ্যমে পত্রিকা প্রকাশ : রাগীব আলী ও তার ছেলের বিচার শুরু

পলাতক অবস্থায় সিলেটের স্থানীয় দৈনিক ‘সিলেটের ডাক’ সম্পাদনা ও প্রকাশনা করে প্রতারণা করেছেন, এমন অভিযোগে দায়েরকৃত মামলায় বিতির্কিত শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় চার্জগঠন করেছেন আদালত।

গতকাল বুধবার সিলেটের মূখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো শুনানি শেষে এই মামলায় অভিযোগ গঠনের নির্দেশ দেন।

সিলেটের হাজার কোটি টাকার দেবোত্তোর সম্পত্তি তারাপুর চা বাগান দখলের অভিযোগে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গতবছরের ১০ আগস্ট রাগীব আলী ও তার একমাত্র ছেলে আবদুল হাই ভারতে পালিয়ে যান। সেই সময় রাগীব আলী সিলেটের ডাক পত্রিকার প্রকাশক ও সম্পাদকমন্ডলীর সভাপতি এবং তাঁর ছেলে আবদুল হাই সম্পাদকের দায়িত্বে ছিলেন।

পরে আব্দুল হাইকে সম্পাদকের পদ থেকে সরানো হলেও রাগীব আলী এখনো স্বপদে আছেন।

মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরী বলেন, ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর রাগীব আলী ও আবদুল হাইয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা করেন সিলেট নগরীর উপশহরের বাসিন্দা ও ছাতক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য গিয়াস উদ্দিন তালুকদার। পলাতক অবস্থায় সম্পাদনাজনিত প্রতারণার অভিযোগে রাগীব আলীর ৫৮ বছর ও তার ছেলে আবদুল হাইয়ের ২৯ বছরের কারাদন্ডের আবেদন করেন মামলার বাদী। আদালত ওই দিন মামলাটি আমলে নিয়ে দন্ডবিধির ৪১৭ ধারায় তাদের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। তবে সমন পাওয়ার পর জবাব না দেওয়ায় পরের মাসে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

বুধবার এই মামলায় আদালত অভিযোগ গঠন করেন বলে জানান এপিপি মাহফুজুর রহমান।
এরআগে গত ২ ফেব্রুয়ারি ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মাধ্যমে তারাপুর চা বাগান দখল মামলায় রাগীব আলী ও তাঁর ছেলে আব্দুল হাইয়ের ১৪ বছর করে কারাদন্ড প্রদান করেন একই আদালত।

এদিকে, প্রতারণার মাধ্যমে দেবোত্তর সম্পত্তি তারাপুর চা বাগান দখলে করে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাৎ মামলায় রাগীব আলীসহ ছয় আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে।

আপনার মন্তব্য

আলোচিত