১৬ ফেব্রুয়ারি , ২০১৭ ০২:৪২
এক দেয়ালেই ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা আঁকার উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। নগরীর মীরের ময়দানের ডা. চঞ্চল রোডের দেওয়ালে বাঙালির ভাষা আর স্বাধীনতা সংগ্রামের ছবি রং-তুলিতে ফুটিয়ে তোলার এই কার্যক্রম শুরু হবে আজ (বৃহস্পতিবার)।
আজ সকালে এই কার্যক্রমের উদ্বোধন করবেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। এতে সহযোগিতা করছে সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুল।
মহান ভাষার মাস উপলক্ষে নগরীর রিকাবীবাজার পয়েন্ট থেকে মীরের ময়দান পর্যন্ত ডা. চঞ্চল সড়কের ডানপাশের দেয়ালে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ঐতিহাসিক মুহূর্তগুলো রং তুলিতে ফুটিয়ে তোলা হবে বলে জানান সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।
একুশে ফেব্রুয়ারির আগেই এ কাজ শেষ হবে বলে জানান তিনি।
শিশু সদনে আলপনা
এদিকে, ভাষার মাসকে বরণ করতে সিলেট সরকারী শিশু পরিবারের শিশুরা এক কিলোমিটারব্যাপী আলপনা এঁকেছে। গত সোমবার শিশু সদনে এই আলপনা আঁকার কাজ শুরু হয়। আজ (বৃহস্পতিবার) বিকেল চারটায় এই আলপনার উদ্বোধন করবেন সিলেটের নবাগত জেলা প্রশাসক রাহাত আনোয়ার। এমনটি জানিয়েছেন সমাজসেবা অফিস সিলেটের উপ পরিচালক নিবাস রঞ্জন দাস।
আপনার মন্তব্য