বিয়ানীবাজার প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি , ২০১৭ ১৬:০৮

জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতা রপ্তানির যোগ্যতা অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী

নতুন প্রজন্মকে অনেক মেধাবী আখ্যায়িত করে তাদের বিশ্বমানের জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতায় গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অন্য দেশ থেকে এখনও জ্ঞান ও প্রযুক্তি আমদানি করতে হয় উল্লেখ করে মন্ত্রী বলেন জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতা রপ্তানি করার যোগ্যতা অর্জন করতে হবে।’

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিয়ানীবাজার সরকারি কলেজে তিন বিষয়ে স্নাতকোত্তর কোর্সের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বিশ্বমানের শিক্ষা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষায় শতভাগ সমতা অর্জন হয়েছে। তবে এখনও সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত হয়নি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকার উচ্চশিক্ষায় গবেষণার ওপর জোর দিচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা আরও বাড়াতে হবে। সৃষ্টি করতে হবে নতুন জ্ঞান। অন্য দেশ থেকে এখনও জ্ঞান ও প্রযুক্তি আমদানি করতে হয়। জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতা রপ্তানি করার যোগ্যতা অর্জন করতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘নতুন প্রজন্ম অনেক মেধাবী। তাদের বিশ্বমানের জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতায় গড়ে তুলতে হবে। তারাই নতুন বাংলাদেশ নির্মাণ করবে এবং ভবিষ্যতে নেতৃত্ব দেবে।’ দেশে বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা ও হার বাড়ছে জানিয়ে নাহিদ বলেন, ‘শিক্ষার মান বাড়াতে পাঠ্যপুস্তক, পরীক্ষা পদ্ধতি সহজ ও আকর্ষণীয় করা হচ্ছে। বইয়ের বোঝাও কমানো হবে।’

কলেজ অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক প্রশান্ত মৃধা ও প্রভাষক সরকার শফিউল্লাহ দিদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মঞ্জুর-এ এলাহী, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, সহ-সভাপতি ময়নুল ইসলাম, যুগ্ম সম্পাদক মসতাক আহমদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, আহমদ হোসেন বাবুল, শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মজির উদ্দিন আনছার, উপজেলা নির্বাহী মু. আসাদুজ্জামান,কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ফজলুল হক, সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম মল্লিক ও বিমান বিহারী রায়, শিক্ষাবিদ আলী আহমদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল কুদ্দুছ টিটু প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত