১৭ ফেব্রুয়ারি , ২০১৭ ১৬:০৭
বানিয়াচং জনাব আলী কলেজ ছাত্রলীগে সাধারণ সম্পাদককে মারধরের ঘটনায় কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৬ নেতাকর্মীকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ গেইটের সামনে কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ মিয়াসহ কতিপয় কয়েক যুবক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজুর উপর হামলা চালায়। এর সাথে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে বহিস্কার করেছে উপজেলা ছাত্রলীগ।
বহিস্কারের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হালিম সোহেল।
জানা যায়,এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে বিলি করা স্বাগত পত্রে সাংগঠনিক সম্পাদক মাহমুদের নাম না থাকায় দুইদিন আগে রাজুর সাথে বাকবিতন্ডা হয় মাহমুদের। এরই জের ধরে রাজুকে কলেজ গেইটে একা পেয়ে বেধড়ক মারপিট করে মাহমুদের নেতৃত্বে অন্যান্য নেতাকর্মীরা।
হামলার ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় গ্যানিংগঞ্জ বাজার ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে জরুরী বৈঠকে বসেন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। বৈঠকে ঘটনার সাথে জড়িত থাকায় ও দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক মাহমুদ মিয়া, শাওন, ইমদাদ, সুমন, মহিউদ্দিন ও মিঠুনকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়া হয়।
আপনার মন্তব্য