১৮ ফেব্রুয়ারি , ২০১৭ ১৪:২৬
শ্রমিক-পুলিশ সংঘর্ষের জের ধরে সিলেটে শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬ টা থেকে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। মাইক্রোবাস চালকরা এ ধর্মঘটের ডাক দিলেও এতে বন্ধ রয়েছে বাস-ট্রাক-সিএনজি চলাচল।
ধর্মঘটের সমর্থনে সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পিকেটিং করতে দেখা যায় শ্রমিকদের। নগরীর সোবহানীঘাট, শাহী ঈদগাহ, দক্ষিণ সুরমার চন্ডিপুল, হুমায়ুন রশীদ চত্বর, কদমতলীসহ বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও গাড়ি চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করছেন পরিবহন শ্রমিকরা।
হঠাৎ ডাকা এই ধর্মঘটের ফলে সীমাহীন দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে সকালে অফিসগামী যাত্রীদের। অনেকে বাসস্ট্যান্ডে এসে গাড়ি না পেয়ে ফিরে যেতে দেখা যায়। আবার অনেকে নিরুপায় হয়ে হেঁটেই রওয়ানা দেন গন্তব্যে।
তিন শ্রমিককে আটক ও পুলিশের সাথে সংঘর্ষের জেরে গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে এ ধর্মঘটের ডাক দেয় জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। আটক ৩ শ্রমিককে মুক্তি না দেয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট চলবে বলে জানিয়েছেন সিলেট জেলা মাইক্রোবাস সমিতির সভাপতি শাহ রিপন আহমদ।
আপনার মন্তব্য