বিশ্বম্ভরপুর প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি , ২০১৭ ২০:২৬

বিশ্বম্ভরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহী নিহত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেক আরোহী।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাধাঘাট ইউনিয়নের ভাটি পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলার আস্তানা গ্রামের আব্দুল মন্নাতের ছেলে বোরহান উদ্দিন (৩৫) ও সুনামগঞ্জ সদর উপজেলার আলমপুর গ্রামের মবশ্বির আলীর ছেলে বদরুল আলম বদি (৩০)। আহত আব্দুল কাদির (২২) একই উপজেলার পাগলার আস্তানা গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, বিকেলে বোরহান উদ্দিন ও আব্দুল কাদির ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে তাহিরপুর যাচ্ছিলেন। পথে ভাটি পাড়ায় চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক বোরহান ও বদরুলকে মৃত ঘোষণা করেন।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন দুর্ঘটনা ও নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত