নিজস্ব প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি , ২০১৭ ২২:২৫

পরিবহন শ্রমিকদের ‘আশ্রয়দাতা’ মন্ত্রীকে অবাঞ্ছিতের হুমকি আ.লীগের

পরিবহন শ্রমিকদের 'আশ্রয়দাতা' মন্ত্রীকে সিলেটে অবাঞ্ছিতের হুমকি  দিয়েছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে হামলা ও ভাংচুরের প্রতিবাদে শনিবার রাতে জেলা ও মহানগর আওয়ামী লীগের সভায় এমন হুমকি দেন বক্তারা।

কারো নাম উল্লেখ না করেই আওয়ামী লীগ নেতারা বলেন, একজন মন্ত্রী পরিবহন শ্রমিকদের প্রশ্রয় (শেল্টার) দিয়ে থাকেন। তার প্রশ্রয়েই এরা বেপোরোয়া হয়ে ওঠেছে। তিনি বিভিন্ন সময় পরিবহন শ্রমিকদের আমন্ত্রনে সিলেটেও আসেন। এই মন্ত্রী যদিও আগামীতেও পরিবহন শ্রমিকদের প্রশ্রয় দেন তবে তাকে সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

অতীতে সিলেটে পরিবহন শ্রমিকদের বিভিন্ন অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রী শাহাজান খান অতিথি হয়ে আসেন। তাকে বিভিন্ন সময় পরিবহন শ্রমিকদের পক্ষ নিয়ে কথা বলতেও দেখা গেছে।

সভায় আওয়ামী লীগ নেতারা পরিবহন শ্রমিকদের বেপোরায়া কর্মকান্ডের জন্য মন্ত্রীকে দোষারূপ করলেও ছাত্রলীগ নেতারা সিলেটের আওয়ামী লীগ নেতাদেরই এ জন্য দায়ী করেন।

সভায় উপস্থিত একাধিক ছাত্রলীগ নেতা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অভিযুক্ত করে বলেন, ‌'আপনারা বিভিন্ন সময়ে তাদের (পরিবহন শ্রমিকদের) অনুষ্ঠানে যান। আপনাদের কারণেই তারা এমন সাহস পায়। কথায় কথায় ধর্মঘট ডেকে বসে।'

ছাত্রলীগ নেতাদের এমন বক্তব্যের পর সভাস্থলে উত্তেজনা দেখা দেয়।

শনিবার দুপুরে সোবহানীঘাট এলাকায় শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে পরিবহন শ্রমিকরা।

মাদকসহ গ্রেপ্তার হওয়ার তিন শ্রমিকের মুক্তির দাবিতে শনিবার সকাল থেকে পরিবহন ধর্মঘট ডাকে শ্রমিকরা। দুপুরে পুলিশ কমিশনারের সাথে বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। এই বৈঠক শেষে ফেরার পথে হামলার মুখে পড়েন সাবেক সাংসদ শফিক।

এর প্রতিবাদে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সিলেট মহানগর সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান।

সভায় আওয়ামী লীগ নেতারা শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দিয়ে বলেন, অন্যথায় কঠোর কর্মসূচী দেওয়া হবে।

আ. লীগ নেতা সুজাত আলী রফিকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশফাক আহমদ, মাসুক উদ্দিন আহমদ, রাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আ. লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, আ. লীগ নেতা নিজাম উদ্দিন, তপন মিত্র প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত