১৯ ফেব্রুয়ারি , ২০১৭ ২০:০৩
এক ছাত্রীকে উত্ত্যক্ত করার জেরে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে স্থানীয়রা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুনশী নাসের ইবনে আফজাল জানান, রোববার সন্ধ্যা ৬টা থেকে প্রায় দুই ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের এ সংঘর্ষ চলে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
তিনি বলেন, “নৃবিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে লিমন ও মোস্তাক নামে স্থানীয় দুই যুবক উত্ত্যক্ত করেন। পরে ওই ছাত্রী তা অন্য শিক্ষার্থীদের জানালে তারা যুবকদের সঙ্গে কথা বলতে যান। এ সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে মোস্তাক এক শিক্ষার্থীকে চড় মারেন।
“পরে শিক্ষার্থীরা জড়ো হয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে অবস্থান নিলে এলাকাবাসী তাদের ওপর ঢিল ছোড়ে ও ছয়টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।”
এ সময় শিক্ষার্থীরা কয়েকটি দোকান ভাংচুর করলে পুলিশ ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান প্রক্টর আফজাল।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ৫৭ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সড়কের অবরোধও তুলে নিয়েছে শিক্ষার্থীরা। কাউকে আটক করা হয়নি এবং আহতের কোনো তথ্যও তার কাছে নেই বলে জানান।
সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শাবি উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া। তিনি লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
আপনার মন্তব্য