২০ ফেব্রুয়ারি , ২০১৭ ১৭:৩৭
সুনামগঞ্জের জগন্নাথপুরের কেশবপুর পশ্চিমপাড়া গ্রামে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে প্রবাসীর অর্থায়নে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কেশবপুর বাজারের ‘বিসমিল্লা মার্কেটে’ চাল বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আফতর আলীর অর্থায়নে এলাকার সুবিধাবঞ্চিত ৪০ পরিবারের মধ্যে ১০কেজি করে চাল বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, এলাকার দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের জন্যে বছরে দুবার প্রবাসী আফতর আলীর অর্থায়নে দরিদ্রদের মধ্যে চাল বিতরণ করা হয়। এবারও এর ব্যতিক্রম হয়নি।
বক্তারা আরও বলেন, প্রবাসী আফতর আলী শুধু চাল বিতরণই করছেননা তিনি শিক্ষা থেকে শুরু করে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন।
সমাজসেবক মশরফ আলীর সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রুহেল উদ্দিনের উপস্থাপনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এলাকার প্রবীণ ব্যক্তিত্ব ও কেশবপুর বাজার পরিচালনা কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক মো. চান মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী দিলু মিয়া ও কেশবপুর বাজার জামে মসজিদের মোয়াজ্জিন মো. আনোয়ার হোসেন মিলন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা সুজনের প্রচার সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, যুক্তরাজ্য প্রবাসী আরশ আলী, কেশবপুর বাজার জামে মসজিদের মোতাওয়াল্লি মো. আরব আলী, ছায়াদ উল্লাহ, সংগঠক বশর মিয়া ও দিদার আলী।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন কেশবপুর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা শামীম আহমদ খান।
আপনার মন্তব্য