২০ ফেব্রুয়ারি , ২০১৭ ১৯:১৭
সিলেট সিটি কর্পোরেশনের পানি শাখার উদ্যোগে অভিযান চালিয়ে অনুমোদনবিহীন একটি টিউবওয়েলের পাইপলাইন সিলগালা করা হয়েছে। এ সময় টিউবওয়েলের সাথে সংযুক্ত মোটরপাম্পও জব্দ করা হয়।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সিলেট মহানগরীর ৮নং ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের পানি শাখা জানায়, ৮নং ওয়ার্ডের পানপাড়া পল্লবী ব্লকে কালিবাড়ী রোডের বাসিন্দা আমির আলী বিনা অনুমতিতে নলকূপ স্থাপন করেন। পরপর তিনবার নোটিশ প্রদানের পরও তিনি সিটি কর্পোরেশনের অনুমোদন গ্রহণ করেননি। যার প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে সিটি কর্পোরেশনের পানি শাখার উপ সহকারী প্রকৌশলী সাফায়েত আহমদ চৌধুরী, এনামুল হক তাপাদারসহ সংশ্লিষ্ট এলাকার নলকূপ পরিদর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও মেট্রোপলিটন পুলিশের একটি ফোর্সও অভিযানে অংশগ্রহণ করে।
সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর জানান, যারা ইতোমধ্যে বিনা অনুমতিতে নলকূপ স্থাপন করেছেন তাদেরকে বারবার নোটিশ দিয়ে, মাইকিং করে, গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচার করে অনুমোদন গ্রহণের আহবান জানানো হয়েছে। তারপরও যারা এখনও অনুমোদন গ্রহণ করেননি তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সিলেট সিটি কর্পোরেশন।
আপনার মন্তব্য