গোয়াইনঘাট প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি , ২০১৭ ১৯:২৯

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ১১টি ক্রাশার মেশিন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিলেটের জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ১১টি ক্রাশার মেশিন ও ৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং কান্দুবস্তি এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের ৪টি গর্ত মাটি দিয়ে ভরাট করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জাফলংয়ের বল্লাঘাট বাজার থেকে চুনা কোয়ারি এলাকা এবং কান্দুবস্তি এলাকায় এ অভিযান চালানো হয়।

গোয়াইনঘাটের উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার ওসি মো. দেলওয়ার হোসেন, পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক হাফিজুর রহমান, বিজিবি সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার মো. হুমায়ুন কবিরসহ পুলিশ ও বিজিবির অর্ধশতাধিক সদস্য।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহ উদ্দিন বলেন, পর্যটন কেন্দ্র জাফলংয়ের পরিবেশ রক্ষা করতে রাস্তার পাশ দিয়ে অবৈধভাবে গড়ে উঠা ১১টি ক্রাশার মেশিন, চুনা কোয়ারি এলাকা থেকে ৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও কান্দুবস্তি এলাকায় পাথর তোলার ৪টি গর্ত ভরাট করা হয়েছে। জাফলংয়ের পরিবেশ রক্ষার স্বার্থে আমাদের টস্কেফোর্সের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত