রাজীব রাসেল

২০ ফেব্রুয়ারি , ২০১৭ ২২:১৭

বসন্তের সন্ধ্যায় বৃষ্টি-ভোগান্তি

বসন্তের শুরুর দিকে নামা বৃষ্টিতে হঠাৎ করেই বেশ দুর্ভোগে পড়েছেন সিলেটবাসী। সারাদিন আকাশ মেঘলা থাকার পর সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হঠাৎ করেই ঝমঝমিয়ে নামে বৃষ্টি। প্রায় পৌনে ১ ঘন্টাব্যাপী টানা বৃষ্টিতে থমকে যায় জনজীবন। বন্ধ থাকে নগরীর অধিকাংশ এলাকার বিদ্যুৎ সংযোগ।

ঘন্টা দেড়েক বিরতির পর আবারও ঝমঝমিয়ে নামে বৃষ্টি। মাঝে কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সংযোগ চালু হলেও দ্বিতীয় দফার বৃষ্টিতে আবারও চলে যায় বিদ্যুৎ। নগরী অন্ধকারে ছিলো প্রায় এক ঘন্টা। এভাবে কিছুক্ষণ পরপরই ছিলো বিদ্যুতের আসা-যাওয়া।

বসন্তের শুরু থেকেই সিলেটে কমে গিয়েছিলো শীতের তীব্রতা। রাতে হালকা শীত থাকলেও দিনের বেলা তাপমাত্রা ছিলো উষ্ণ। সিলেটের মানুষ বসন্তেই যখন গ্রীষ্মের আমেজ পেতে শুরু করেছেন, তখন এই আচমকা বৃষ্টিতে নগরীতে আবার ফিরে এসেছে শীতের তীব্রতা। শীত বিদায়ের বেশ কিছুদিন পর আবারও নগরবাসীকে দেখা গেছে শীতের পোশাক গায়ে জড়াতে।

টানা বৃষ্টিতে পানি জমেছে নগরীর রাস্তায়, ফুটপাতে। ফলে রাস্তায় চলাচলকারী যানবাহন আর নগরবাসী পড়েছেন চরম দুর্ভোগে।

এদিকে, আজ সন্ধ্যা থেকে শুরু হওয়ার কথা ছিলো সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের ২ দিনব্যাপী মহান একুশের অনুষ্ঠানমালা। কিন্তু হঠাৎ বৃষ্টিতে বিঘ্নিত হয় অনুষ্ঠান। সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হলে অনুষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হন আয়োজকরা। রাত সোয়া ৮টায় শহিদ মিনারে গিয়ে দেখা যায় তখনো শুরু করা যায়নি অনুষ্ঠান।

সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হঠাৎ বৃষ্টি ও বিদ্যুৎ সংযোগের অভাবে অনুষ্ঠান বিঘ্নিত হচ্ছে। বিদ্যুৎ সংযোগ ফিরে এলে অনুষ্ঠান শুরু করবো আমরা।"

এদিকে, বৃষ্টি ও বিদ্যুৎ সংযোগের অভাবে বিঘ্নিত হয়েছে নগরীর নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণের মুক্তমঞ্চে আয়োজিত সন্ধ্যায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানও।

এর আগে সোমবার বিকালে সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, "সিলেটের উত্তর দিক নেত্রকোনা অঞ্চলে সোমবার দুপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেটে রাতের দিকে বৃষ্টি হতে পারে।"

আগামী ৪৮ ঘণ্টায় সর্বোচ্চ ৬ মিলিমিটারের মত থেমে থেমে সিলেটের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়া অফিসের এই কর্মকর্তা।

আপনার মন্তব্য

আলোচিত