দেবব্রত চৌধুরী লিটন

২৩ ফেব্রুয়ারি , ২০১৭ ১৩:৫৫

অর্থমন্ত্রী আসবেন তাই...

প্রতিদিনই সিলেটের ফুটপাতে বসে হাজারো দোকান। সকাল থেকে গভীর রাত অবধি পণ্যের পসরা সাজিয়ে ফুটপাতের এই দোকানগুলোতে বসেন হকাররা। ফুটপাতের প্রতিদিনকার এই অস্থায়ী ব্যবসা গড়ে উঠার ফলে খোদ পথচারীরাই ফুটপাত ব্যবহার করতে পারেন না। বাধ্য হয়ে ব্যস্ত রাস্তা দিয়ে চলাচল করতে যেয়ে প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনার শিকার হন পথচারীরা।

কিন্তু বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সিলেটের সুরমা মার্কেট এলাকার ফুটপাতে গিয়ে দেখা গেল ছিল ভিন্ন চিত্র।

প্রতিদিনকার মত সকাল সাড়ে ৯ টার দিকে দোকান খুলে বসা দোকানীদের নির্দেশ দেয়া হল দোকান গুটিয়ে ফেলতে। কারণ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আসবেন পাশের জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে।

এমন নির্দেশে কিছুক্ষণের মধ্যেই খালি হয়ে যায় বন্দরবাজার-সুরমা মার্কেট এলাকার ফুটপাতের কিছু অংশ। ফাঁকা ফুটপাত দিয়ে কিছুক্ষণের জন্য স্বস্তিতে পথ চলতে দেখা যায় পথচারীদের।

জেলা পরিষদ মিলনায়তন ফটকের পাশের ফুটপাথের নিয়মিত কাপড় বিক্রি করতে বসা এক হকার নাম প্রকাশ না করার শর্তে জানান, অর্থমন্ত্রী আসবেন বলে দোকান গুটিয়ে নিয়ে দুপুর ২টার পর বসতে বলা হয়েছে। তাই দোকান গুটিয়ে নিচ্ছি।

এই ফুটপাত দিয়ে পথ চলার সময় সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে নর্থইষ্ট ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র রুবেল আহমদ জানান, প্রতিদিনই আমি এই সড়ক দিয়ে চলাচল করি কিন্তু ফুটপাত হকারদের দখলে থাকায় রাস্তা দিয়ে পথ চলতে হয়। যদি ফুটপাত দিয়ে চলাচল করা যেত তাহলে দুর্ভোগ কমতো।

অর্থমন্ত্রী ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের অনুষ্ঠান শেষে অনুষ্ঠানস্থল ত্যাগের পর আবারো এই ফুটপাতে বসে পড়েন হকাররা।

আপনার মন্তব্য

আলোচিত