নিজস্ব প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি , ২০১৭ ২১:২৪

বিবিসি এখন মৌলবাদীদের কথা বলে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বিবিসি এখন মৌলবাদীদের কথা বলে, এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সোমবার বিকেলে সিলেটে একটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম সংস্থা ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)-এর মুক্তিযুদ্ধের সময়কার অবস্থানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা অনস্বীকার্য। আমি শ্রদ্ধার সাথে তা স্মরণ করি। যুদ্ধের সময় সঠিক খবরের জন্য আমরা বিবিসি শুনতাম। তাদের খবরের অপেক্ষায় থাকতাম। অথচ তারা এখন মৌলবাদীদের কথা বলে।

সোমবার বিকেলে নগরীর রিকাবীবাজার এলাকার মোহাম্মদ আলী জিমনেসিয়াম হলে  ‘লন্ডন ১৯৭১’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, বিএনপি আমলে সকলে বাংলাদেশ জিন্দাবাদ বলে গলা ফাটিয়েছেন। অথচ এখন দলীয় শ্লোগান আখ্যা দিয়ে জয় বাংলা বলতে অনেকের মুখে বাধে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবেন কিন্তু জয় বাংলা বলবেন না এটা হয় না।

সংস্কৃতি মন্ত্রণালয় ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগীতায় বিলেতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বাংলা ও ইংরেজি সংবাদপত্রের কাটিং, পোস্টার, প্রচারপত্র ও ঐতিহাসিক ছবি নিয়ে চারদিনব্যাপী এই প্রদর্শনীর সোমবার শেষ হয়।

এই অনুষ্ঠানের পর রাতে নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে চলমান বেঙ্গল সাংস্কৃতিক উৎসবে গিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন,  সিলেটের মানুষের বিদেশ থেকে পাঠানো অর্থে সরকার মাজা সোজা করে দাঁড়িয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত