০২ মার্চ, ২০১৭ ১৬:০৩
শেষ হয়ে আসছে বেঙ্গল সাংস্কৃতিক উৎসব। দশদিনব্যাপী এই বিশাল সাংস্কৃতিক আয়োজনে এখন বিদায়ের সুর। শুক্রবার পর্দা উঠবে এই উৎসবের।
তবে সিলেটে প্রতিবছর এমন উৎসব আয়োজনের আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র (সাময়িক বহিস্কৃত) আরিফুল হক চৌধুরী।
বুধবার সন্ধ্যায় উৎসবের অষ্টম দিনে আবুৃল মাল আবদুল মুহিত কমপ্লেক্সে যান আরিফুল হক চৌধুরী। এসময় তিনি উৎসবস্থল ঘুরে দেখেন।
উৎসবের মিডিয়া সেন্টারে এসে উপস্থিত সাংবাদিকদের আরিফুল হক বলেন, এটি অসাধারণ একটি আয়োজন। এমন উৎসব সিলেটে আগে কখনো হয়নি। আমরা যে কতোটা পিছিয়ে আছি, তা এই সাংস্কৃতিক উৎসবে আসলে বোঝা যায়। এই উৎসব থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।
তিনি বলেন, বেঙ্গল চেয়ারম্যানের সাথে আমার ব্যক্তিগত পরিচয় নেই। তবে এমন আয়োজন প্রতিবছর সিলেটে হওয়া উচিত। বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিও প্রতিবছর এমন উৎসব আয়োজনের আহ্বান জানান তিনি।
পরে বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটুর সাথে সাক্ষাত করেও একই আহ্বান জানান আরিফুল।
সন্ধ্যা ৭ টা থেকে রাত প্রায় ৯টা পর্যন্ত উৎসবের বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করেন আরিফুল হক। এসময় তার সঙ্গে স্ত্রী শামা হকও ছিলেন।
উল্লেখ্য, নগরীর মাছিমপুর এলাকার আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে গত ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয় দশ দিনব্যাপী ‘মানবিক সাধনায় বেঙ্গল সাংস্কৃতিক উৎসব’।
আপনার মন্তব্য