সিলেটটুডে ডেস্ক

০২ মার্চ, ২০১৭ ২০:৩৯

কানিশাইল খেয়াঘাট রাস্তার সংস্কার ও নদী তীরের সৌন্দর্য্য বৃদ্ধির কাজ সম্পন্ন

মাত্র দুই মাসের মধ্যেই নতুন রূপ পেয়েছে সিলেট মহানগরীর ঘাসিটুলা বড় মসজিদ থেকে কানিশাইল খেয়াঘাট পর্যন্ত রাস্তা। সংস্কারের পূর্বে ১০ নম্বর ওয়ার্ডের এই রাস্তার গড় প্রশস্ততা ছিল ১০/১২ ফুট, সংস্কারের পর এখন তা গড়ে ১৫/১৭ ফুটে উন্নীত হয়েছে।

প্রশস্ত করার পাশাপাশি নদী পাড় ঘেষে চলা এই রাস্তার ‘এসপল্টু’ কার্পেটিং কাজও সম্পন্ন হয়েছে। চলতি বছরের ২ জানুয়ারী কাজ শুরু হওয়ার পর মাত্র দুই মাসেই এই কাজ সম্পন্ন করে সিলেট সিটি কর্পোরেশন।

নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এই রাস্তা পরিদর্শন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।

এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ অ্যাডভোকেট সালেহ আহমদ চৌধুরী, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী সামসুল হক, সহকারী প্রকৌশলী আব্দুস সোবহান, উপ সহকারী প্রকৌশলী মনসুরুল হক, কার্যসহকারী জাবেদ আহমদসহ সংশ্লিস্ট কর্মকর্তাবৃন্দ।

এসময় সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ এবং ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট সালেহ আহমদ চৌধুরী বলেন, নদীর তীর সংলগ্ন এই সড়ক সংস্কারের কারণে এলাকার সৌর্ন্দয্যও বৃদ্ধি পেয়েছে। এই সড়ক প্রশস্ত হওয়ার ফলে এলাকাবাসী উপকৃত হবেন। সংস্কারকাজে এলাকাবাসী স্বর্তফুর্তভাবে সহযোগিতা করায় ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এডভোকেট সালেহ আহমদ চৌধুরী।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, মহানগরীর চলমান উন্নয়ন কর্মকান্ডের মান বজায় রাখার পাশাপাশি যাতে এসব কাজ যাতে দ্রæততার সাথে সম্পন্ন করা যায় এ ব্যাপারে সিটি কর্পোরেশন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সড়ক সংস্কারকালে রাস্তার প্রশস্ততা যাতে বৃদ্ধি করা যায় সেই ব্যাপারটিও গুরুত্বের সাথে নজর রাখা হচ্ছে।

সিলেট সিটি কর্পোরশনের প্রকৌশল শাখা জানায়, ঘাসিটুলা বড় মসজিদ থেকে কানিশাইল খেয়াঘাট পর্যন্ত রাস্তার উন্নয়নকাজের চুক্তিমূল্য হচ্ছে ৮৩ লাখ ৪০ হাজার টাকা। এই প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৩ হাজার ১শ ৬৫ ফুট রাস্তার সংস্কারকাজ সম্পন্ন করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত