০৬ মার্চ, ২০১৭ ১৪:১৬
বিয়ানীবাজার ও বড়লেখা উপজেলার সীমান্তঘেষা সুনাই নদীর টেকইকোনা এলাকার ঘেরের পাশ থেকে বড়লেখার এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।
সোমবার (৬ মার্চ) সকালে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম জবরুল হোসেন (৪০)। তিনি পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রাম ওয়াহিদপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের টেকইকোনায় সোমবার সকালে একটি লাশ নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা বিয়ানীবাজার থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরীর পর ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত জবরুল ওই এলাকায় প্রায়ই রাতে বড়শী নিয়ে মাছ ধরতে যান। এদিন বাড়িতে না ফেরায় তারা জবরুলের খোঁজ করতে থাকেন। একপর্যায়ে লোকমুখে নদীতে লাশ ভাসার খবর পেয়ে সেখানে যান এবং নদীর পাড়ে তার ব্যবহৃত বড়শী, মোবাইল ও অন্যান্য জিনিস দেখতে পেয়ে তারা জবরুলের লাশ সনাক্ত করেন।
বিয়ানীবাজারের মুড়িয়া ইউপি'র সদস্য রফিক উদ্দিন জানান, সকালে স্থানীয় লোকজন একটি ভাসমান লাশ দেখতে পেয়ে তাকে খবর দেয়। তিনি বিয়ানীবাজার থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বুঝা যাবে এটা হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু।
আপনার মন্তব্য