০৭ মার্চ, ২০১৭ ১৯:১৯
সিলেট নগরীর কাজিরবাজার এলাকায় জুয়ার আসর চালানোর দায়ে মৎস্য ব্যবসায়ী সমিতির নেতা জাহাঙ্গীর আলমকে একমাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ভোরে তাকে আটকের বিকেলে এ সাজা প্রদান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদুল হাসান ও জিয়াউল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। এসময় বিল্লাল নামে জাহাঙ্গিরের এক সহযোগীকেও এক মাসের কারাদন্ড প্রদান করে আদালত। সেইসঙ্গে তাদের আরও দুইশ’ টাকা জরিমানা করা হয়। ১৫ দিন দণ্ড প্রদান করা হয় রবিন্দ্র মালাকারকে।
নানা সময়ে সমালোচিত হাজী জাহাঙ্গির আলমের বিরুদ্ধে জুয়া, মাদকসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি শেখঘাটের শহীদুল্লাহের ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহাম্মদ বলেন, মঙ্গলবার ভোরে রাতে কাজিরবাজার জুয়ার আসর থেকে জাহাঙ্গীর আলমসহ ৪২ জনকে ১ লক্ষ ৭৭ হাজার টাকা ও ৪৫টি মোবাইল ফোনসহ আটক করা হয়। তন্মধ্যে জুয়ার আসরের ম্যানেজার বিল্লাল মিয়াও ছিলেন। মঙ্গলবার বেলা ৩টার দিকে নগরীর ক্বিনব্রিজ এলাকার আলী আমজাদের ঘড়ির পাশে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জাহাঙ্গীর ও বিল্লালকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
পুলিশ ভ্রাম্যমাণ আদালতে জাহাঙ্গীরকে হাজির করলে তিনি অপরাধ স্বীকার করেন এবং পরে বিচারক তাকে একমাসের সাজা দেন বলে জানান সোহেল আহাম্মদ।
বাকীদের একশ’ টাকা করে জরিমানা করা হয় বলে জানান তিনি। তাদের মধ্যে ১৭ জনের নাম পাওয়া গেছে, নাজমুল, নোমান, জলিল, জুয়েল, উস্তার, শফিক, রুমেল, বাচ্চু, শফিক, ইসকন্দর, এমএ হাদি, খালেক, সেলিম, মিজান, আব্দুল কাদির, মুহিদ, মুজিবুর, সেলিম। তারা জরিমানা দিয়ে তাৎক্ষণিক ছাড়া পান এবং দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠায় পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম বলেন, মৎস্য আড়তে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলে আসছিল। এমন অভিযোগে পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ৪২ জনকে জেল-জরিমানা করা হয়।
এদিকে মঙ্গলবার সকালে নগরীর লালদিঘীরপাড়ে অভিযান চালিয়ে তীর খেলার দায়ে ৫ জনকে আটক করে পুলিশ। তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি সুহেল।
আপনার মন্তব্য