নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ, ২০১৭ ১৭:১৭

জগৎজ্যোতি তালুকদার হত্যার বিচার দ্রুত সম্পন্নের দাবিতে গণজাগরণ মঞ্চের মিছিল

সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক জগৎজ্যোতি হত্যার বিচার দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে গণজাগরণ মঞ্চ, সিলেট। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আবার শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে মিছিল পরবর্তী আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জগৎজ্যোতি তালুকদার হত্যার বিচার দ্রুত সম্পন্নের দাবি জানান। বক্তারা বলেন, জগৎজ্যোতি সরকার দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তবু চার বছরেও তার হত্যাকান্ডের বিচার না হওয়া উদ্বেগজনক। জগৎজ্যোতির পর গণজাগরণ মঞ্চের আরো কয়েকজন সংগঠক-লেখক হত্যাকান্ডের শিকার হন। এদের মধ্যে সিলেট নগরীতে খুন হন লেখক অনন্ত বিজয় দাশ। কিন্তু এসব হত্যাকান্ডের একটিরও বিচার কাজ আজ পর্যন্ত শেষ হয়নি। এসব হত্যাকান্ডের বিচার সম্পন্নে সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেন বক্তারা।

বক্তারা বলেন, গণজাগরণ মঞ্চের একের পর এক কর্মী-সংগঠক খুন হচ্ছেন, তাদের বিচার হচ্ছে না। উল্টো সরকার মৌলবাদী গোষ্ঠির সাথে আপোষ করছে। হেফাজতের দাবি মেনে পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকরণ করছে। সরকারের এই আপোষ জগৎজ্যোতিসহ যারা অসাম্প্রদায়িক বাংলাদেশের গড়ার লক্ষ্যে কাজ করে গেছেন তাদের সাথেই মিথ্যাচার। সরকারকে মৌলবাদ তোষণনীতি থেকে বেরিয়ে আসার দাবি জানান বক্তারা।

সিলেট গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, বিশিষ্ট সাংবাদিক আল আজাদ, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সিলেট সম্মিলিত সাস্কৃতিক জোটের অর্থ সম্পাদক নিলাঞ্জন দাশ টুকু, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, যুগ্ন সম্পাদক সুপ্রিয় দেব শান্ত, কবি আবিদ ফায়সাল, নাট্যকর্মী হিংতাশু কর বাবু, সবুজ সনাতন পলাশ, যুবমৈত্রীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিমাংশ মৈত্র, প্রগতিশীল রাজনৈতিক কর্মী রনেন সরকার রনি, মাসুম আহমদ, গণজাগরণ মঞ্চের সংগঠক আব্দুল বাতেন, রাজীব রাসেল, দেবোজ্যোতি দেবু, সৈয়দ রাসেল, উত্তরা সেন পম্পা, রেদওয়ান আহমদ প্রমুখ।

উল্লেখ্য, ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে গণজাগরণ মঞ্চের আন্দোলন চলকালে ২ মার্চ রাতে খুন হন জগৎজ্যোতি তালুকদার। সিলেটে গণজাগরণ মঞ্চের আন্দোলনের সাথে সম্পৃক্ত জগৎজ্যোতি হত্যা মামলাটি সিলেট মহানগর মূখ্য হাকিম আদালতে বিচারাধীন আছে।

আপনার মন্তব্য

আলোচিত