১০ মার্চ, ২০১৭ ২১:২৫
সদ্য প্রয়াত লোকসঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে স্মরণ করবে সিলেটের নাট্যদল 'নগরনাট'।
শনিবার (১১ মার্চ) বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে এ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
'লোকগানের প্রখ্যাত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য স্মরণে' শীর্ষক এ অনুষ্ঠানে লোকগান ও স্মৃতিকথার মাধ্যমে প্রয়াত কালিকাপ্রসাদকে স্মরণ করা হবে।
আয়োজকদের অন্যতম অরূপ বাউল জানান, কালিকাপ্রসাদ শুধু একজন শিল্পীই ছিলেন না। গানের প্রতি ভালোবাসা থেকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা লোকগানের সন্ধানে তিনি দুই বাংলায় ছুটে বেরিয়েছেন। সিলেটেও তিনি এসেছেন বহুবার, গান করেছেন এখানে। তিনি গর্ব করে বলতেন- 'আমি সিলেটি'। তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা আর ভালোবাসা জানানোর একটা প্রয়াস এই আয়োজন।
তিনি জানান, অনুষ্ঠানে অংশ নেবেন প্রখ্যাত নগরনাটসহ লোকগানের শিল্পীরা। কালিকাপ্রসাদকে নিয়ে স্মৃতিচারণ করবেন বিভিন্ন সময় তাঁর সান্নিধ্য পাওয়া ব্যক্তিত্বরা।
উল্লেখ্য, গত ৭ মার্চ সকালে ভারতের পশ্চিমবঙ্গে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান বাংলা লোকগানের জনপ্রিয় শিল্পী ও 'দোহার' ব্যান্ডের সদস্য কালিকাপ্রসাদ ভট্টাচার্য। দুর্ঘটনায় আহত হন তাঁর দলের অন্য সদস্যরা।
আপনার মন্তব্য