১৩ মার্চ, ২০১৭ ১৩:১৪
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। এ আদেশের ফলে আরিফুল হকের মেয়র হিসেবে দায়িত্ব পালনে আর কোন বাধা রইলো না।
সোমবার (১৩ মার্চ) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খান হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
আরিফুল হক চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম কাফি এ তথ্য নিশ্চিত করে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আরিফুল হক চৌধুরীর বরখাস্তে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি আমরা আরেকটি নির্দেশনা চেয়েছিলাম তিনি (আরিফ) যেন মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। আদালত তাঁর মেয়র হিসেবে দায়িত্ব পালনে কোনো বাধা না দেওয়ার নির্দেশ দেন।
আবদুল হালিম কাফি বলেন, আদালত মন্ত্রণালয়ের বরখস্তের ওই আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে।
স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র সচিব, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার, সিলেটের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আরিফুল হকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মইনুল হোসেন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার আব্দুল হালিম কাফি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার এজাহারভূক্ত আসামী হওয়ায় হবিগঞ্জের একটি আদালত আরিফুল হক চৌধুরীকে কারাগারে প্রেরণ করেন। এরপর ২০১৫ সালের ৭ জানুয়ারি আরিফুল হক চৌধুরীকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত ৪ জানুয়ারি সাবেক অর্থমন্ত্রী এ এম এস কিবরিয়া হত্যাসহ চার মামলায় জামিন পান আরিফুল হক চৌধুরী।
২০১৩ সালে ১৫ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছিলেন বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী।
আপনার মন্তব্য