১৩ মার্চ, ২০১৭ ১৯:৫১
প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও তাঁর স্ত্রী জয়া সেনগুপ্তকে সমর্থন দিয়ে সুনামগঞ্জ-২ আসনের (দিরাই-শাল্লা) উপনির্বাচন থেকে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী শেখ জাহির আলী ও জাসদের প্রার্থী আমিনুল ইসলাম। আর উপনির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেও জমা দেননি সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সাংগঠনিক সম্পাদক গুলজার আহমদ।
ফলে ওই আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্তের একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন স্বতন্ত্র প্রার্থী ফায়েজ আলী মাহবুব হোসেন।
সোমবার (১৩ মার্চ) ছিলো মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এদিন সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক সভায় নিজেদের মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন শেখ জাহির আলী ও আমিনুল ইসলাম। জানানো হয়েছে।
সভায় সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শূন্য হওয়া সুনামগঞ্জ-২ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রয়াত এ নেতার সহধর্মিণীকে দলীয় মনোনয়ন দিয়েছেন। সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শ্রদ্ধা ও আওয়ামী লীগ এবং মহাজোট নেত্রী শেখ হাসিনার প্রতি সম্মান জানিয়ে সকল দলের প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
মিসবাহ সিরাজ আরও বলেন- একজন প্রার্থী স্বতন্ত্র ব্যানারে নির্বাচনে রয়েছেন। তাকেও মনোনয়নপত্র প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে।
তিনি বলেন- নৌকা যেখানে, আওয়ামী লীগ সেখানে। ব্যক্তি বিশেষ যদি নির্বাচনে অংশগ্রহণ করে, সেক্ষেত্রে আমাদের কিছুই করার নেই। নৌকা প্রতীকে ড. জয়া সেনগুপ্তকে এই উপ নির্বাচনে বিজয়ী করে সুরঞ্জিত সেনগুপ্তের এ আসনটি আবারও শেখ হাসিনাকে উপহার দেবো।
প্রসঙ্গত, সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনটি শূন্য হয়। আগামী ৩০ মার্চ এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
আপনার মন্তব্য