বিশ্বনাথ প্রতিনিধি

১৮ মার্চ, ২০১৭ ২১:২৭

বিশ্বনাথে ‘ওরস ও ওয়াজ’ নিয়ে দু’পক্ষ মুখোমুখি, নেপথ্যে দুই আ.লীগ নেতা

সিলেটের বিশ্বনাথের দশঘর পশ্চিম নোয়াগাঁও এলাকায় একই ব্যক্তিকে নিয়ে একই দিনে একই স্থানে ‘ওরস ও ওয়াজ মাহফিল’ নিয়ে দু’পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছেন। এনিয়ে দশঘর ইউনিয়নের ঘাগুটিয়া এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। জরুরী ভিত্তিতে দ্বন্দ্ব নিরসনের উদ্যোগ না নিলে বড় ধরণের দুর্ঘটনার আশংকা রয়েছে।

ওয়াজ মাহফিলের পক্ষে রয়েছেন ঘাগুটিয়া গ্রামের হাফিজ মাওলানা জাবের আহমদ ও দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন। অন্যদিকে ওরস’র পক্ষে রয়েছেন লহরি নোয়াগাঁও গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুল তাহিদ।

‘ওয়াজ এবং ওরস’ নিয়ে দু’পক্ষ মুখোমুখি অবস্থানে থাকলেও ‘ওরস’ পালনের পক্ষে প্রশাসন অনুমতি দিয়েছে বলে অভিযোগ করেছেন ওয়াজ মাহফিল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। তবে ওসি মনিরুল ইসলাম পিপিএম বলেছেন, সমঝোতার ভিত্তিতেই সেখানে ওই তারিখে ওরসের অনুমতি দেয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আগামি ২১ মার্চ মঙ্গলবার উপজেলার দশঘর ইউনিয়নের ঘাগুটিয়া ও টিলাপাড়া দুই গ্রামের পঞ্চায়েত মিলে ঘাগুটিয়ার ‘মরহুম মারফত উল্লাহ’ স্মরণে ‘ঘাগুটিয়া ও টিলাপাড়া’ গ্রামের মসজিদ মাঠে ওয়াজ মাহফিলের আয়োজন করেন। মাহফিল পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন ঘাগুটিয়ার হাফিজ মাওলানা জাবের আহমদ। আর ওই মাহফিলে সভাপতির দায়িত্বে রয়েছেন দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন।

এদিকে ওই মসজিদ সংলগ্ন ‘মরহুম মারফত উল্লাহ’র মাজারে ‘ফকির মারফত শাহ’র নামে ৫৮তম বার্ষিক ওরস মোবারকের আয়োজন করেছে অন্যপক্ষ। ওরস পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন আওয়ামী লীগ নেতা লহরি নোয়াগাঁও গ্রামের আব্দুল তাহিদ। এনিয়ে উভয় পক্ষে পোস্টার, ব্যানার ও লিফলেটের মাধ্যমে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

নির্ধারিত সময়েই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে জানিয়ে মাহফিল পরিচালনা কমিটির সভাপতি হাফিজ মাওলানা জাবের আহমদ বলেছেন, ওরসের নামে অসামাজিক কার্যকলাপ, মসজিদ এবং কবরস্থানের পবিত্রতা রক্ষায় এলাকাবাসীর সিদ্ধান্ত মতে মাহফিলের আয়োজন করা হয়েছে।

প্রশাসনের অনুমতি নিয়েই প্রচার প্রচারণা চালিয়ে আসছেন জানিয়ে ওরস পরিচালনা কমিটির সভাপতি আব্দুল তাহিদ বলেন, দীর্ঘদিন থেকে তিনি ওরস পালন করে আসছেন।

আপনার মন্তব্য

আলোচিত