নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ, ২০১৭ ১৬:০১

এমসি কলেজে ছাত্রদলের মিছিলে ধাওয়া, ছাত্রলীগের ৫ নেতা কারাগারে

সিলেট এমসি কলেজে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ছাত্রদলের মিছিলে ধাওয়াকারী পাঁচ অস্ত্রধারী ছাত্রলীগ নেতাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

রোববার (১৯ মার্চ) দুপুরে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরুর আদালত এই পাঁচজন হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন।

কারাগারে যাওয়া পাঁচ ছাত্রলীগ নেতা হচ্ছেন হচ্ছেন সিলেট মহানগরীর শাহপরান থানার সাদিপুরের তারেক আহমদ (২৩), একই থানার মিরাপাড়ার সালমান অপু ওরফে শামসুল ইসলাম অপু (২৪), মোগলাবাজার থানার দাউদপুরের আলতাফুর রহমান মুরাদ (২৩), সুনামগঞ্জের দিরাই উপজেলার নগদীপুরের রবিউল হাসান (২২) ও মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরবাগ গ্রামের সৌরভ আচার্য (২৬)।

তবে গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও কানাইঘাট উপজেলার ফকিরেরগাঁওয়ের আপন (২৩) এখনও পলাতক।

এর মধ্যে তারেক ও অপু এমসি কলেজের অনার্স ৩য় বর্ষে, সৌরভ ডিগ্রি ৩য় বর্ষে, মুরাদ মাস্টার্সে, রবিউল ডিগ্রি ২য় বর্ষে এবং আপন অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী।

আদালতের এপিপি মাহফুজুর রহমান জামিন নামঞ্জুর করে পাচজনকে কারাগারে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, প্রায় এক যুগ পর জানুয়ারিতে এমসি কলেজ ছাত্রদল শাখার আহবায়ক কমিটি গঠিত হয়। কমিটি গঠিত হওয়ায় ৩০ জানুয়ারি ক্যাম্পাসে আনন্দ মিছিলের আয়োজন করে ছাত্রদল। ওই মিছিলে ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী প্রকাশ্যে দা, রড ও অস্ত্র উঁচিয়ে ধাওয়া করেন বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে আসায় সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরু ফৌজধারী কার্যবিধির (কোড অব ক্রিমিনাল প্রসিডিউর) ১৮৯৮ এর ২৫ ধারা অনুসারে ওই ধাওয়াকারী ব্যক্তিদের চিহ্নিত করতে পুলিশকে নির্দেশ দেন। এছাড়া সাত দিনের মধ্যে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশও দেন তিনি।

সূত্র জানায়, সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া কথা থাকলেও পুলিশ সময় বর্ধিত করে। পরে ১৩ ফেব্রুয়ারি মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (সদর) শাহরিয়ার আল মামুন আদালতে প্রতিবেদন দাখিল করেন। এরপর ১৫ ফেব্রুয়ারি আদালত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে এমসি কলেজের ওই ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সাথে দ্রুতবিচার আইনে মামলা রেকর্ডভুক্ত করার আদেশও দেন আদালত। এর প্রেক্ষিতে দ্রুতবিচার আইনে মামলা (নং-৭৮/২০১৭ সিআর) রেকর্ড করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত