১৯ মার্চ, ২০১৭ ১৬:৫৬
হবিগঞ্জের মাধবপুরে একটি পুকুর খনন করতে গিয়ে মর্টারশেল পেয়েছেন শ্রমিকরা।
রোববার (১৯ মার্চ) দুপুরে উপজেলার বহরা ইউনিয়নের রাজনগর গ্রামের একটি পুকুর থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর গ্রামের রহিছ মিয়ার একটি পুকুর খনন করার সময় খনন কাজে নিয়োজিত শ্রমিকরা মাটি কাটার সময় মর্টারশেলটি দেখতে পান। তখন স্থানীয় লোকজন ৫৫ বিজিবির মনতলা সীমান্ত ফাঁড়িতে খবর দিলে হাবিলদার মফিজ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।
৫৫ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর খালেদ মাহমুদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মর্টারশেলটি পুরাতন এবং জং ধরা। মাটি কাটার সময় শ্রমিকরা এটি দেখতে পেয়ে সীমান্ত ফাঁড়িতে খবর দিলে বিজিবি সদস্যরা এটি উদ্ধার করে নিয়ে আসে। হয়তো মুক্তিযুদ্ধের সময় এটি কোন কারণে এখানে পড়েছিল।
আপনার মন্তব্য