ছাতক প্রতিনিধি

১৯ মার্চ, ২০১৭ ২০:৩৩

একটি মহলের ইন্ধনে দেশে জঙ্গি তৎপরতা চালানো হচ্ছে : ছাতকে রাশেদ খান মেনন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ওসমানী বিমান বন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু করে সরকার সিলেটবাসীর দাবী বাস্তবায়ন করেছে। পর্যায়ক্রমে সবদেশের ফ্লাইট এখানে উড্ডয়ন ও অবতরণ করবে।

রোববার সকালে ছাতকে আনুষ্ঠানিকভাবে গোবিন্দগঞ্জ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ইংলিশ মিডিয়াম স্কুল ব্রীজ একাডেমী হলে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথাগুলো তিনি বলেন।

দেশে জঙ্গী উত্থানের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, জঙ্গি দমনে সরকারের ভুমিকা অত্যান্ত কঠোর। একটি মহলের ইন্দনে দেশে জঙ্গ তৎপরতা চালানো হচ্ছে। ইসলাম জঙ্গি ও উগ্রতা কখনো সমর্থন করে না। দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে এবং রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ধর্মপ্রাণ যুবকদের জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে একটি মহল। সহজ-সরল এসব যুবকদের জঙ্গীর পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানান । বর্তমান সরকার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি ক্লিনিক চালু করেছে। সরকারের পাশাপাশি বেসরকারী উদ্যোগে প্রতিষ্ঠিত হাসপাতাল ও ক্লিনিকেও চিকিৎসা সেবা গ্রহনের ব্যাপক সুযোগ রয়েছে ।

গোবিন্দগঞ্জে প্রবাসীদের প্রচেষ্টা ও অর্থায়নে আধুনিক হাসপাতাল নির্মান করা হলে একটি বিশাল এলাকার সুবিধা বঞ্চিত জনগোষ্ঠি তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবে। প্রবাসীদের বিনিয়োগে সবধরনের সুবিধা ও নিরাপত্তা প্রদানে সরকার খুবই আন্তরিক।

জমজম হেলথ কেয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমানের সভাপতিত্বে ও এটিএম কয়েছের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক প্রবাসীদের বিনিয়োগ এদেশের সাধারন মানুষের কল্যাণে হওয়া উচিৎ বলে মন্তব্য করে বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি সরকারী হাসপাতালে আধুনিক চিকিৎসা প্রদানের ব্যবস্থা নিশ্চিত করেছে। ছাতক হাসপাতালকে ৩০ থেকে ৫০ শয্যায় ও কৈতক হাসপাতালকে ২০ শয্যায় উন্নীত করা হয়েছে। অর্থ উপার্জনের মনোভাব না রেখে সব শ্রেনী পেশার মানুষের সেবার উদ্দেশ্যে গোবিন্দগঞ্জ হসপিটাল প্রতিষ্ঠার জন্য উদ্যোগদাতাদের প্রতি আহবান জানান তিনি।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা-সার্বিক) শফিউল আলম, সিভিল সার্জন আশুতোষ দাস, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক ও পার্টিও কেন্দ্রিয় সদস্য সিকান্দর আলী। বক্তব্য রাখেন, জমজম হেলথ কেয়ারের ডিরেক্টর কাজী আঙ্গুর মিয়া, ওমর আলী, কাজী টুনু মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, ব্রীজ একাডেমীর চেয়ারম্যান আইয়ূব করম আলী, সাংবাদিক তাপস দাস পুরকায়স্থ, ব্যাংকার তৈয়ব আলী, সাবেক চেয়ারম্যান হাজী সুন্দর আলী, আবুল লেইছ কাহার, মাও. সামছুল ইসলাম, আশিক মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত