গোয়াইনঘাট প্রতিনিধি

২১ মার্চ, ২০১৭ ১৪:১০

ডাকাতের হামলায় গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যানসহ আহত ৫

ডাকাতের হামলায় গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মতিনসহ ৫ জন আহত হয়েছেন।

সোমবার (২০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের গোয়াইনঘাট উপজেলার সালুটিকরের দামারি হাওর এলাকায় এ ঘটনা ঘটে।

ডাকাতদের হামলায় আহত সাংবাদিক মতিন বলেন, রাতে উপজেলা চেয়ারম্যানের ব্যবহৃত সরকারি গাড়িযোগে সিলেট নগরী থেকে স্থানীয় নন্দিরগাঁওয়ের গ্রামের বাড়িতে ফিরছিলেন তারা। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছা মাত্র একদল ডাকাত তাদের ওপর হামলা চালায়। এ সময় তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতদল।

ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাত উপজেলা চেয়ারম্যান হাকিম, তার চালকসহ মোট ৫ জন আহত হয়েছেন বলে জানান সাংবাদিক মতিন। তিনি বলেন, এ সময় তাদের গাড়ির পেছনের কয়েকটি গাড়িতেও ডাকাতি করে ডাকাতরা।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন,  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দামারি হাওর এলাকায় এ ঘটনা ঘটে। চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এমএ মতিন চেয়ারম্যানের সরকারি গাড়িতে করে সিলেট নগরী থেকে নন্দিরগাঁও গ্রামের বাড়ি ফিরছিলেন। ডাকাতদের ধরতে ঘটনার পর থেকে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আপনার মন্তব্য

আলোচিত