২৩ মার্চ, ২০১৭ ১৯:০৬
সিলেটের জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে ১১টি পাথর ভাঙ্গার ক্রাশার মেশিন উচ্ছেদ এবং লামাপুঞ্জি পাথর কোয়ারি থেকে ৭টি অবৈধ শ্যালো মেশিন ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে পাথরটিলায় অখন মিয়ার জোন ও মামার বাজারের মেলার মাঠ নামক স্থানে এবং পিয়াইন নদীর লামাপুঞ্জি এলাকায় গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত করা হয়।
অভিযানে গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন, পরিবেশ অধিদপ্তর সিলেটের সিনিয়র রসায়নবিদ সাইফুল ইসলাম, বিজিবি তামাবিল সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার মো. হুমায়ুন কবিরসহ পুলিশ ও বিজিবির অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
ইউএনও মো. সালাহ উদ্দিন বলেন, টাস্কফোর্সের অভিযান চালিয়ে ১১টি ক্রাশার মেশিন ও পাথর কোয়ারি থেকে ৭টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়েছে। পরিবেশের ছাড়পত্র বিহীন ও বৈধ কাগজপত্র ছাড়া যে সকল ক্রাশার মেশিন স্থাপন করা হয়েছে, টাস্কফোর্সের ধারাবাহিক অভিযানের মাধ্যমে এ সকল ক্রাশার মেশিন উচ্ছেদ করা হবে।
আপনার মন্তব্য