নবীগঞ্জ প্রতিনিধি

২৩ মার্চ, ২০১৭ ২১:২১

নবীগঞ্জে ফের পুলিশের ‘ব্লক রেইড’ অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৮

নবীগঞ্জ থানা পুলিশ আবারো ব্লক রেইড অভিযান পরিচালনা করেছে। এ সময় মাদকসহ বিভিন্ন মামলার আটজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাতব্যাপী নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস. এম আতাউর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন গ্রামে এ অভিযান চলে।

অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গজনাইপুর এলাকার এক মাদক সম্রাটকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, বুধবার রাত ১১ টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত পুলিশ উপজেলার বিভিন্ন গ্রামে জঙ্গি আস্তানা, সন্ত্রাসী, মাদকসেবী ও পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায়। অভিযানে বিভিন্ন মামলার আটজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার ফাঁড়ির অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফের নেতৃত্বে এসআই আব্দুর রহমানসহ একদল পুলিশ ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাজন ওরফে সারজান (৪৫) নামক এক মাদক সম্রাটকে গ্রেপ্তার করা হয়। তিনি গজনাইপুরের আফসর উল্লাহর ছেলে। এর আগেও তাঁকে গ্রেপ্তার হয়েছিল বলে সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, আটককৃত মাদক ব্যবসায়ী সাজন দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় মাদকের রমরমা ব্যবসা করে আসছিল। অনেক দিন ধরে তিনি পুলিশের নজনদারীতে ছিলেন। বিভিন্ন কৌশল অবলম্বন করে ব্যবসা করতেন তিনি। ৫০ পিস ইয়াবা বিক্রির সময় তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হল করগাঁও ইউনিয়নের ওয়ারেন্টভূক্ত আসামি বৈলাকিপুর গ্রামের গোবিন্দ্র করের পুত্র কবিন্ড কর(২৮), একই গ্রামের টাকুরধন কর এর পুত্র সুনাধন কর(২৪), প্রবির কর (২১), নিরাধন করের পুত্র মনোরঞ্জন কর(২৬), বান্দবী করের পুত্র বাদল কর (২৭), গজনাইপুর ইউনিয়নের রামলোহ গ্রামের ওয়ারেন্টভূক্ত আসামি লেবু মিয়ার পুত্র সবুজ মিয়া(২৩) ও দেবপাড়া ইউনিয়নের জালালসাফ গ্রামের খলিল মিয়ার পুত্র জুবেল মিয়া(২৫)।

এদিকে, উপজেলার দিনারপুর পাহাড়ি অঞ্চলে মাদকের ছড়াছড়ি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এনিয়ে স্থানীয় যুব সমাজের উদ্যোগে সম্প্রতি মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমান বলেন, মাদক ও ওয়ারেন্টের আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে মাদক ব্যবসায়ী কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে সকলকেই আইনের আওতায় নিয়ে আসা হবে। 

আপনার মন্তব্য

আলোচিত