নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ, ২০১৭ ১৪:২৬

জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান পুলিশের

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার 'আতিয়া মহল' এ অবস্থানকারী জঙ্গিদেরকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে পুলিশ। শুক্রবার (২৪ মার্চ) দুপুরে হ্যান্ড মাইকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানান সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।

এসময় পুলিশ কমিশনার জঙ্গিদের উদ্দেশে বলেন, শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ না করলে চূড়ান্ত অভিযানে নামবে আইন শৃংখলাবাহিনী। তবে এখনও জঙ্গিদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

শুক্রবার ভোর থেকেই 'আতিয়া মহল' নামের পাঁচতলা বাড়িটি কর্ডন করে রেখেছে আইনশৃংখলা বাহিনী। তবে থেমে গুলির আওয়াজ শোনা যাচ্ছে কর্ডন করা এলাকায়।

ঢাকা থেকে সোয়াট বাহিনী সিলেট পৌঁছালেই জঙ্গি আস্তানায় অভিযান শুরু করা হবে বলে সাংবাদিকদের জানান মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।

চট্টগ্রাম ও ঢাকায় সাম্প্রতিক জঙ্গিবিরোধী অভিযানের পর আটক জঙ্গিদের দেয়া তথ্যেই ৫তলা বিশিষ্ট আতিয়া মহল শুক্রবার ভোরে ঘেরাও করে পুলিশ। ওই বাড়িতে আস্তানা গেড়েছে নব্য জেএমবির জঙ্গিরা বলে ধারণা পুলিশের। বৃহস্পতিবার রাতেই এই অভিযানের লক্ষ্যে সিলেট আসে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল। অভিযান শুরুর আগে ওই বাড়ির মূল ফটকে তালা লাগিয়ে দেয় আইনশৃংখলা বাহিনী। পার্শ্ববর্তী তিনতলা ভবন থেকে লোকজন সরিয়ে নেয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত