নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ, ২০১৭ ১৪:৩০

আতিয়া মহলে ৩ শিশু সন্তানসহ আটকে আছেন মা, উদ্ধারের আকুতি

পুলিশের ঘিরে থাকা সিলেটের শিববাড়ির 'আতিয়া মহল' নামক ভবনে তিন শিশু সন্তানসহ আটকা পড়েছেন গৃহবধূ দীপা। উদ্ধারের অপেক্ষায় আতঙ্কে সময় কাটছে তাঁর ও তাঁর সন্তানদের।

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় শুক্রবার (২৪ মার্চ) সকাল থেকেই জঙ্গি আস্তানা সন্দেহে 'আতিয়া মহল' নামের একটি বাড়ি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। ওই ভবনের ৭০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে পার্শ্ববর্তী জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় নেয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে এখনো অনেকেই পুলিশের ঘিরে থাকা ওই ভবনের ভেতর আটকা পড়ে আছেন।

অনেকের মধ্যে তিন শিশু সন্তানসহ ওই ভবনের ভেতর আটকা পড়ে আছেন দীপা। তিনি মুঠোফোনে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি আর আমার তিন শিশু সন্তান এখনো ভবনের ভেতর আটকে আছি। ভোরে অভিযান শুরুর পর পুলিশ বাসা থেকে বের হতে নিষেধ করেছে।"

দীপার স্বামী পুলিশের চাকরির সুবাদে সিলেটের জকিগঞ্জ উপজেলায় থাকেন এবং খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন জানিয়ে দীপা বলেন, "আমার স্বামী বাইরে আছেন। ফোনে কথা হয়েছে। কিন্তু পুলিশ বাড়িটি ঘিরে রাখায় তিনি বাসায় ঢুকতে পারেন নি।"

দীপা জানান, "গোলাগুলির শব্দে আমি ও বাচ্চারা খুব ভয় পাচ্ছি। আতঙ্কে আছি। আমরা এখান থেকে উদ্ধার পেতে চাই।"

শুক্রবার ভোর থেকে 'আতিয়া মহল' নামক বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। বাড়িটিতে 'জঙ্গি' মর্জিনা ও তার অন্তত দুইজন সহযোগী অবস্থান করছে বলে পুলিশের ধারণা। বাড়ির ভেতর থেকে একটি গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত জানুয়ারি মাসে প্রাণ কোম্পানির অডিট অফিসার পরিচয়ে কাওসার আহমদ ও মর্জিনা বেগম ওই বাড়ি ভাড়া নেন।

সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া জানিয়েছেন, বাড়িটি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। শিববাড়ি এলাকা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আত্মসমপর্ণের আহবান জানাচ্ছি আমরা। ঢাকা থেকে সোয়াত টিম সিলেটের উদ্দেশে রওয়ানা দিয়েছে। সোয়াত পৌঁছার পর মূল অভিযানে যাওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত