২৪ মার্চ, ২০১৭ ২২:৫৬
“ভালবাসার গান, কবিতা ও গল্পকথা”র আয়োজনে হবিগঞ্জের তিন লেখকের ৩টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। কবি সাইফুর রহমান কায়েসের কাব্যগ্রন্থ ‘বন্ধুমঙ্গল কাব্য’, কবি শাহ্ মোঃ আলমগীরের ‘জাগরণ’ ও কথাসাহিত্যিক তাসলিমা খানের উপন্যাস ‘রোহিঙ্গা কন্যা’ গ্রন্থত্রয়ের মোড়ক উন্মোচন করা হয়।
শুক্রবার (২৪ মার্চ) বিকাল সাড়ে ৫ টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে মোড়ক উন্মোচনসহ “ভালবাসার গান, কবিতা ও গল্পকথা” সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, হবিগঞ্জের যে তিনজন লেখকের তিনটি বইয়ের মোড়ক আজ উন্মোচিত হল, তারা এক সময় জাতীয় সাহিত্যে উল্লেখযোগ্য অবদান রাখবেন, এ আশা আমরা করতে পারি। এছাড়া যারা আজ এ অনুষ্ঠানের আয়োজন করলেন, তারাও দেশে ও দেশের বাইরে বর্তমানে সাহিত্য-সংস্কৃতির প্রসারে নিরলস কাজ করে চলছেন। বৃহত্তর সিলেটের যে সংগঠকরা অভিষিক্ত হলেন, তারাও সৃজন ও মননের ভুবনে প্রতিভার স্বাক্ষর রাখবেন বলে প্রত্যাশা করেন বক্তারা।
“ভালবাসার গান, কবিতা ও গল্পকথা”র বিভাগীয় সমন্বয়কারী কবি সাইফুর রহমান কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জাহান আরা খাতুন, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, কবি ড. সৈয়দ আব্দুল মুতাকাব্বির মাসুদ, কবি ও সাংবাদিক মরিয়ম শেলী ও আয়োজক সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী সৈয়দ আসাদুজ্জামান সুহান।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক কবি কামাল আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক এম এ রব, নজরুল একাডেমী হবিগঞ্জের সভাপতি তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, গবেষক-লেখক সায়েদুর রহমান, দেশ নাট্যগোষ্ঠীর সভাপতি এডভোকেট হুমায়ূন কবির সৈকত, কবি মোস্তফা মঈন, কবি সিদ্দিক আহমদ, কবি এস এম তাহের খান, কবি ইউনুস আকমাল, কবি আখতার উজ্জামান সুমন, মনজুর খান, শেখ ওসমান গনি রুমী, এন অতুল, আবিদুর রহমান রাকিব, অকেয়া হক জেবু প্রমুখ।
সভার শুরুতে বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন ‘চারুকণ্ঠ’র শিল্পীরা। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী আলমগীর হোসেন শান্ত। বৃন্দ আবৃত্তিতে অংশ নেন মনীষা, সুমন, উর্মি, কমল ও শর্মি। সংগীত পরিবেশন করেন আবদুর রাজ্জাক বাবুল ও উপমা চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের পরিচালক মনসুর আহমেদ।
আপনার মন্তব্য