নিজস্ব প্রতিবেদক

২৬ মার্চ, ২০১৭ ০২:২১

বাঁচানো গেল না ছাত্রলীগ নেতা ফাহিমকে

জান্নাতুল ফাহিম

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়িতে শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় বোমা হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দক্ষিণ সুরমা ছাত্রলীগের নেতা জান্নাতুল ফাহিম। এ নিয়ে শনিবারের পৃথক দুই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ জনে।

নিহত জান্নাতুল ফাহিম (১৮) দক্ষিণ সুরমার কুচাই এলাকার হাজী ইসরাব আলী স্কুল এন্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। ফাহিমের বাবা কুচাই ইউনিয়ন পরিষদের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান। ফাহিম উপজেলা ছাত্রলীগের পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক।

নিহত ফাহিমের চাচা আশরাফ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় বোমা হামলায় আহত হওয়ার পর ফাহিমকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রচুর রক্তক্ষরণের ফলে তার অবস্থা আশঙ্কাজনক মনে হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এ সময় তাকে ১৫ ব্যাগ রক্ত দেয়া হয়। কিন্তু রাত ১টার দিকে ফাহিম মৃত্যুর কোলে ঢলে পড়েন।

শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের গোটাটিকর ইসলামিয়া দাখিল মাদরাসা সংলগ্ন পুলিশ চেকপোস্টে বোমা হামলা চালানো হয়। ওই হামলায় নিহত হন ৬ জন। তারা হলেন- পুলিশের পরিদর্শক চৌধুরী মো. কয়সার, জালালাবাদ থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম, মাসুক মিয়া, কলেজছাত্র অহিদুল ইসলাম অপু, জান্নাতুল ফাহিম ও নগরীর দাঁড়িয়াপাড়ার বাসিন্দা শহীদুল ইসলাম। এছাড়া আহত হন আরও অনেকে।

ওই হামলার প্রায় ঘন্টাখানেক পর উদ্ধারকৃত আরেকটি বোমা নিষ্ক্রিয় করার সময় তা বিস্ফোরিত হলে আহত হন র‍্যাব ও পুলিশের ৫ সদস্য। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে র‌্যাব ৯ এর লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ ও মেজর আজাদ ও দক্ষিণ সুরমা থানার ওসি হারুনুর রশিদ রয়েছেন।

উল্লেখ্য, দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার 'আতিয়া মহল' নামক ভবন ঘিরে দুই দিন ধরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। 'অপারেশন টোয়াইলাইট' নামের এ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনীর প্যারাকমান্ডো।

আপনার মন্তব্য

আলোচিত