২৬ মার্চ, ২০১৭ ১১:০৭
সিলেটের শিববাড়িতে জঙ্গি আস্তানায় অভিযানের সময় পুলিশ চেকপোস্টে বোমা হামলার আইএসের দায় স্বীকারের খবর দিয়েছে সাইট ইন্টিলিসেন্স।
আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠি ইসলাম স্টেট (আইএস) এর মুখপাত্র আমাক এর বরাত দিয়ে ওয়েবসাইটটি এই দায় স্বীকারের খবর দেয়।
শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের গোটাটিকর ইসলামিয়া দাখিল মাদরাসা সংলগ্ন পুলিশ চেকপোস্টে বোমা হামলা চালানো হয়। ওই হামলায় নিহত হন ৬ জন। তারা হলেন- পুলিশের পরিদর্শক চৌধুরী মো. কয়সার, মনিরুল ইসলাম, মাসুক মিয়া, কলেজছাত্র অহিদুল ইসলাম অপু, নগরীর দাঁড়িয়াপাড়ার বাসিন্দা শহীদুল ইসলাম ও কুচাই এলাকার কলেজছাত্র জান্নাতুল ফাহিম। এছাড়া আহত হন আরও অনেকে।
ওই হামলার প্রায় ঘন্টাখানেক পর উদ্ধারকৃত আরেকটি বোমা নিষ্ক্রিয় করার সময় তা বিস্ফোরিত হলে আহত হন র্যাব ও পুলিশের ৫ সদস্য। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার 'আতিয়া মহল' নামক ভবন ঘিরে দুই দিন ধরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। 'অপারেশন টোয়াইলাইট' নামের এ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনীর প্যারাকমান্ডো।
আপনার মন্তব্য