২৬ মার্চ, ২০১৭ ২১:১৭
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সালিশ বৈঠকে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
রোববার (২৬ মার্চ) দুপুরে উপজেলার পাটলি ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় চার গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ধলনিশা গ্রামের আতাউর রহমানের বিরুদ্ধে একটি অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে উপজেলার রসুলগঞ্জ বাজারে সালিশ বৈঠক বসেন স্থানীয় মইজপুর, কামিনীপুর, সামাট, গোয়ালকুড়িসহ চার গ্রামের বিশিষ্ট লোকজন। সালিশি বৈঠক চলাকালে জনৈক ব্যক্তি অশ্লীল ভাষায় কথা বলায় মুহুর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষে জড়িয়ে পড়েন এলাকার বাসিন্দারা। এতে বাজারের দোকানপাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
আহতদের স্থানীয় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং চারজনকে আশংকাজনক অবস্থায় সিলেট এম.এ.জি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন সাবেক ইউপি সদস্য হিরা মিয়া, শহিদ মিয়া, জামিল আহমদ, জাহিদ হাসান, মো. আশিক মিয়া, খোকন মিয়া, নছির মিয়া, ফিরোজ আলী, আরিফুল নেছা, মহিবুর রহমান, জাহেদা খাতুন, আনোয়ার মিয়া, তাজুল ইসলাম, সিরাজ মিয়া, আকমল আলী, আজমত উল্লাহ, আক্কল আলী, মিজান মিয়া, সিরাজ মিয়াসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার সহকারী পুলিশ পরিদর্শক এসআই সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মন্তব্য