২৮ মার্চ, ২০১৭ ০১:২৯
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনী। সীমান্ত সুরক্ষার জন্য বিজিবি প্রতিদিনই সীমান্ত এলাকায় টহল দিয়ে থাকে। টহলের সময় বিজিবির সদস্যরা সীমানা পিলার পর্যবেক্ষণ করেন। পিলার পর্যবেক্ষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন দেওয়া হয়। তবে তা এতদিন ডিজিটালাইজেশনের আওতায় ছিল না।
বিজিবির সরাইল রিজিয়নের অধীনে সিলেট সেক্টর স্বাধীনতা দিবসে ‘সীমান্ত রক্ষা’ নামে একটি অ্যাপস উদ্বোধন করেছে। এ উপলক্ষে বিজিবি সিলেট সেক্টর সদর দপ্তরের মাল্টিপারপাস শেডে সাংবাদিকদের কাছে অ্যাপসটির বিস্তারিত তথ্য ও ফিচার তুলে ধরেন সেক্টর কমান্ডার কর্ণেল মো. আবদুল্লাহ-আল-মামুন।
এ সময় বিজিবি সিলেট ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল শাহ আলম চৌধুরী, অ্যাপস তৈরি করা টিমের সদস্যরাসহ বিজিবির বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজিবির সেক্টর কমান্ডার জানান, ‘সীমান্ত রক্ষা’ অ্যাপস উদ্বোধনের মাধ্যমে বিজিবির সীমান্ত সুরক্ষা কাজে ডিজিটালাইজেশন শুরু হলো।
বিজিবি সিলেট সেক্টরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে টহলে প্রাপ্ত পিলার পরিস্থিতির প্রতিদিনকার প্রতিবেদনে সার্বিক চিত্র পাওয়া যায়। প্রায় ৩০০ কিলোমিটার সীমান্ত এলাকা সিলেট সেক্টরের অধীনে। এতে ৫০টি বিওপি (বর্ডার আউটপোস্ট) রয়েছে। ৫০টি বিওপিতে ১৭৩ মেইন পিলার, ১৯৯৯ সাব-পিলার, ২২২৩ টি(ঞ) পিলার ও ১৮৬ রেফারেন্স পিলারসহ সর্বমোট ৪৫৮১টি পিলার রয়েছে। সব পিলারের প্রতিবেদন নিয়মিত পাওয়া গেলেও কয়েক মাস বা কয়েক বছরের তুলনামূলক চিত্র বিশ্লেষণ করতে গেলে বেশ সমস্যায় পড়তে হয়। ‘সীমান্ত রক্ষা’ অ্যাপস ব্যবহারের মাধ্যমে খুব সহজেই একটি পিলার থেকে অন্য পিলারে টহলের প্রতিদিনই টহলকালীন সময়ে পিলারের ছবি তোলা যাবে। ছবির সঙ্গে পিলারের বর্তমান অবস্থা জানা যাবে। প্রতিদিনের এসব তথ্য ও ছবি আর্কাইভে জমা হবে। পরে এক ক্লিকেই প্রতিটি পিলারের বর্তমান অবস্থার সঙ্গে আগের অবস্থার তুলনামূলক চিত্র পাওয়া যাবে ও বিশ্লেষণ করা অত্যন্ত সহজ হবে। অ্যাপসটি ব্যবহার করে সীমান্তে টহলের চিত্র নেভিগেশনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখতে পারবেন। যেকোন সময় পিলারের ছবি সময়, তারিখ ও স্থান উল্লেখসহ পিলারের সার্বিক অবস্থা অ্যাপসটির মাধ্যমে আর্কাইভে জমা হবে। এর মাধ্যমে সঠিক তথ্য পাওয়াসহ বিজিবির টহল কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যাবে। বিজিবি শত্রপক্ষ দ্বারা আক্রান্ত হলে টহল দল এক ক্লিকেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে জানাতে পারবেন। কর্মকর্তারাও অ্যাপসটির মাধ্যমে দপ্তরে বসেই প্রয়োজনীয় আদেশ ও নির্দেশনা সহজেই দিতে পারবেন।
অ্যাপসটি সিলেট সেক্টরে প্রথমে তিন মাস চালানো হবে এবং প্রয়োজনীয় আরও অনেকগুলো ফিচার যুক্ত করা হবে। এরপর বিজিবির সরাইল অঞ্চলে ও পরে সারাদেশে সীমান্ত সুরক্ষার কাজে অ্যাপসটি ব্যবহার করা হবে। বিজিবির জন্য মোবাইল ও ওয়েব অ্যাপ্লিকেশন (অ্যাপস) তৈরি করে দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী মুন্সী মো. মিসবাহ্ উদ্দিনের নেতৃত্বে ওই বিশ্ববিদ্যালয়ের আরও পাচঁ শিক্ষার্থী ও সিলিকন আইটি নামে একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অ্যাপস নির্মাতা দলের সদস্যরা হচ্ছেন-শাবিপ্রবির সিএসই বিভাগের শিক্ষার্থী মুন্সী মো. মিসবাহ্ উদ্দিন, মো. আল-আমিন, ফজলে এলাহি মো. যুবায়ের, স্বপন দাশ উজ্জ্বল, সুব্রত নাথ, তানভীর মাহবুব ও সিলিকন আইটি সিলেটের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফারহানা নওরীন।
আপনার মন্তব্য