২৮ মার্চ, ২০১৭ ২৩:০০
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) উপ-নির্বাচনে শেষদিনের প্রচারণায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্ত'র সমর্থনে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আ.লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
মঙ্গলবার (২৮ মার্চ) দিরাই ও শাল্লা উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি।
এসময় বদর উদ্দিন আহমদ কামরান বলেন, আপনারা দিরাই-শাল্লার জনগণ প্রয়াত নেতা বাবু সুরঞ্জিত সেনগুপ্তকে আবিষ্কার করেছেন। তিনি ছিলেন ভাটি বাংলার সিংহ পুরুষ। আপনাদের ভোটের মাধ্যমে তিনি সংসদে কয়েকবার প্রতিনিধিত্ব করেছেন।
তিনি বলেন, বাবু সুরঞ্জিত আজ নেই, তাঁর আত্মা এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। সুরঞ্জিতের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আগামী ৩০ মার্চ তার সুযোগ্য সহধর্মিনী ড. জয়া সেনগুপ্তকে নৌকা মার্কায় ভোট দিন।
কামরান বলেন, সুরঞ্জিত অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। এই ভাটি বাংলার উন্নয়নে তার ব্যাপক অবদান রয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। ড. জয়া সেনগুপ্ত'র মতো যোগ্য কেউ এ অঞ্চলে নেই।
গণসংযোগে উপস্থিত ছিলেন, বানিয়াচং-আজমীরিগঞ্জ এর সাংসদ আব্দুল মজিদ, কেন্দ্রীয় আ'লীগ সদস্য ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম, সিলেট মহানগর আ'লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট জেলা আ'লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, দিরাই পৌরসভার সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, যুক্তরাজ্য আ'লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সাবু মিয়া, কেন্দ্রীয় কৃষকলীগ নেত্রী শামীমা শাহরিয়ার, সিলেট জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুল করিম নেওয়াজ ও ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাসিত আলম।
আপনার মন্তব্য