নিজস্ব পত্রিবেদক

২৯ মার্চ, ২০১৭ ০১:৫৮

শিববাড়িতে বিস্ফােরণে আহত পুলিশ কর্মকর্তাকে ঢাকায় প্রেরণ

সিলেটের শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানার কাছে বিস্ফোরণে আহত পুলিশের এএসআই জনি দে’কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢামেকে পাঠানো হয়।

পাঠানপাড়া এলাকার স্থানীয় জামে মসজিদের কাছে শনিবার সন্ধ্যায় বোমা বিস্ফোরণের ঘটনায় দুই পুলিশসহ ছয় জন নিহত হয়েছেন। ওই ঘটনায় বোমার স্প্লিন্টারের আঘাতে আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন। ‘আতিয়া মহল’ থেকে আধা কিলোমিটার দূরে ওই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলের ৬০ গজের মধ্যেই সেনাবাহিনীর একটি প্রেস ব্রিফিং সামান্য আগেই শেষ হয়েছিল।

বৃহস্পতিবার (২৩ মার্চ) মধ্যরাতে আতিয়া মহলের নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে বলে জানতে পারে ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিট। শুক্রবার (২৪ মার্চ) সকাল ৮টার দিকে ওই বাড়ির ভেতর থেকে গ্রেনেড ছোড়া হয়। পরে ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াটকে পাঠানো হয় ঘটনাস্থলে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সন্ধ্যা থেকে পুরো এলাকার নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনীর প্যারা-কমান্ডো দল। পরদিন তারা ওই ভবনের অন্যান্য বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আনে।

২৫ মার্চ সন্ধ্যায় অভিযান নিয়ে সেনাবাহিনীর সংবাদ সম্মেলন চলাকালে দুই দফা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয় জন নিহত হন। আহত হয়েছেন র‌্যাবের গোয়েন্দা বিভাগের প্রধানসহ অন্তত ৫০ জন।

আপনার মন্তব্য

আলোচিত