২৯ মার্চ, ২০১৭ ১১:১৯
‘জঙ্গি’ আস্তানা সন্দেহে মঙ্গলবার (২৮ মার্চ) রাত থেকেই মৌলভীবাজারের দুটি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে তিনটি গ্রেনেড ছোড়া হয়েছে। এছাড়া গোলাগুলি চলছে।
সিটিটিসির এডিসি মো. সাইফুল ইসলাম এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মৌলভীবাজারে দুটি আস্তানায় জঙ্গিদের হাতে বিপুল অস্ত্র বিস্ফোরক রয়েছে এমন ধারনা করছে পুলিশ। সেটা বিবেচনায় রেখেই, অভিযান এগিয়ে নেওয়া হচ্ছে।
এডিসি আরো জানান, ‘জঙ্গিরা আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান টের পেয়ে তাদের লক্ষ্য করে গ্রেনেড ছুড়ছে। পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে। ঘেরাও করে রাখা হয়েছে। এই জঙ্গিরা নব্য জেএমবি সঙ্গে কানেকটেড।’
উল্লেখ্য, মঙ্গলবার (২৮ মার্চ) রাত থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় অবস্থিত একটি বাড়ি এবং সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকায় নাসিরপুরে অবস্থিত অপর বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দুটি বাড়ীর মধ্যে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।
পুলিশের সঙ্গে কথা বলে জানতে পারা যায়, যে বাড়ি দুটিতে পুলিশ অভিযান চালাচ্ছে সেই বাড়ি দুটির মালিক সাইফুর রহমান। দুই বাড়ীর মালিকই লন্ডন প্রবাসী।
আপনার মন্তব্য