নিজস্ব প্রতিবেদক

২৩ এপ্রিল, ২০১৭ ২২:৫৩

সরকারীকরণ হচ্ছে মদন মোহনসহ সিলেটের ২৯ কলেজ

নগরীর মদন মোহন কলেজসহ সিলেট বিভাগের ২৯ টি কলেজ সরকারীকরণের জন্য চূড়ান্ত করেছে সরকার। এসব কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়ে গত বৃহস্পতিবার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

সিলেটের ২৯ টি কলেজের সাথে সারাদেশের ২৮৫টি কলেজ রয়েছে সরকারীকরণের তালিকায়। তালিকায় থাকা সিলেট বিভাগের ২৯ কলেজের মধ্যে সিলেটের ১০ টি, সুনামগঞ্জের ৯টি, হবিগঞ্জের ৫টি ও মৌলভীবাজারের ৫ টি কলেজ রয়েছে।

সরকারী করণের প্রক্রিয়ায় থাকা মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখেছি আমাদের কলেজসহ কয়েকটি কলেজকে সরকারীকরণের প্রক্রিয়া শুরু হয়েছে।

তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো চিঠি পাইনি।

নগরীর অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান মদন মোহন কলেজকে সরকারীকরণের জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। গত বছরের ২১ জানুয়ারি কলেজটির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কলেজকে সরকারীকরণ করার ঘোষণা দেন।

সিলেটের মদন মোহন কলেজ ছাড়া সরকারীকরণের তালিকায় থাকা অন্য কলেজগুলো হলো- সিলেটের গোয়াইনঘাট ডিগ্রী কলেজ, ইমরান আহমদ মহিলা কলেজ, বিশ্বনাথ কলেজ, বালাগঞ্জ ডিগ্রী কলেজ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ, ঢাকা দক্ষিণ ডিগ্রী কলেজ, কানাইঘাট ডিগ্রী কলেজ, দক্ষিণ সুরমা কলেজ ও গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রী কলেজ।

হবিগঞ্জের কলেজগুলোর মধ্যে রয়েছে- আজমিরিগঞ্জ ডিগ্রী কলেজ, শাহজালাল কলেজ, জনাব আলী ডিগ্রী কলেজ, নবীগঞ্জ কলেজ ও আলিম সোবহান ডিগ্রী কলেজ।

মৌলভীবাজারের কলেজগুলোর মধ্যে রয়েছে- বড়লেখা ডিগ্রী কলেজ, কুলাউড়া ডিগ্রী কলেজ, রাজনগর ডিগ্রী কলেজ, কমলগঞ্জ গণ মহাবিদ্যালয় ও তৈয়বুন্নেছা খানম ডিগ্রী কলেজ।

সুনামগঞ্জের কলেজগুলোর মধ্যে রয়েছে- বাদাঘাট ডিগ্রী কলেজ, দিগেন্দ্র বর্মন ডিগ্রী কলেজ, ছাতক ডিগ্রী কলেজ, দিরাই ডিগ্রী কলেজ, ধর্মপাশা ডিগ্রী কলেজ, দোয়ারাবাজার ডিগ্রী কলেজ, জগন্নাথপুর ডিগ্রী কলেজ, জামালগঞ্জ ডিগ্রী কলেজ ও শাল্লা ডিগ্রী কলেজ।

সরকারীকরণের জন্য চূড়ান্ত হওয়া এসব কলেজ কর্তৃপক্ষকে কলেজের রেজিস্ট্রিকৃত দানপত্র দলিল (ডিড অব গিফট) জরুরি ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট জেলা প্রশাসক ছাড়াও এসব কলেজের অধ্যক্ষকে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।

বর্তমানে দেশে ৩২৭টি সরকারি কলেজ রয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখিত ২৮৫টি কলেজ সরকারীকরণের আওতায় আসলে এ সংখ্যা দাঁড়াবে ৬১২।

আপনার মন্তব্য

আলোচিত