বানিয়াচং প্রতিনিধি

০১ মে, ২০১৭ ২৩:৪৫

হবিগঞ্জে ত্রাণের চাল কেনাবেচার অভিযোগ ইউপি চেয়ারম্যান ও স্বজনদের বিরুদ্ধে

হবিগঞ্জের একটি ইউনিয়নে ত্রাণের চাল নিয়ে চলছে দুর্নীতি ও অব্যবস্থাপনা। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তার স্বজনদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রকৃত ক্ষতিগ্রস্তদের পরিবর্তে স্বচ্ছলদের মধ্যে ত্রাণ বিতরণ ও ত্রাণের চাল বিক্রি করে দেয়ার।

যেখানে ত্রাণ দেয়া হচ্ছে তার পাশেই সেই চাল কম দামে কিনে নিচ্ছেন চেয়ারম্যানের ভাই আশিক মিয়া। চেয়ারম্যানের স্বচ্ছল আত্মীয়-স্বজনরা ত্রাণ পেলেও প্রকৃত ক্ষতিগ্রস্তরা ত্রাণ পাচ্ছে না।

জানা যায়, ত্রাণের চাল বিক্রির এই ঘটনা ঘটছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মকরমপুর ইউনিয়নে। যেখানে এই চাল কেনা হচ্ছে, তার ঠিক সামনেই ক্ষতিগ্রস্তদের মাঝে দেয়া হচ্ছে ত্রাণের চাল। ইউপি চেয়ারম্যান আহাদ মিয়ার স্বচ্ছল আত্মীয়-স্বজনদের ত্রাণ দেয়ার পর স্বল্পমূল্যে তার ভাইয়ের লোকজনই ত্রাণের চাল কিনে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে, চেয়ারম্যান আহাদ মিয়ার বিরুদ্ধে ত্রাণের চাল আত্মসাৎ সহ নানা অনিয়মের অভিযোগে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছেন ওই ইউনিয়ন পরিষদের ৮ জন সদস্য। অভিযোগকারী ইউপি সদস্যদের মধ্যে রয়েছেন- আজমান আলী, শেখ আবদুল মমিন, খায়রুল ইসলাম চৌধুরী, মুতি মিয়া, সাফিয়া আক্তার ও আকলিমা আক্তার। তাদের অভিযোগ, চেয়ারম্যানের স্বজনরাই চাল পাচ্ছে, আবার সেগুলো কিনে নিচ্ছে চেয়ারম্যানের ভাই।

অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান আহাদ মিয়া জানান, ত্রাণের চাল কেউ বিক্রি করলে তার করার কিছু নেই।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সিংহ জানান, খুব শিগগিরই বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত