কুলাউড়া প্রতিনিধি

০৬ মে, ২০১৭ ১৭:০৭

কুলাউড়ায় সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ৯

মৌলভীবাজারের কুলাউড়ায় সিএনজি চালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৯ জন আহত হয়েছেন।

শনিবার (৬ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার কুলাউড়া-রবিরবাজার রোডের এ ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নয়া মসজিদের সামনের সড়কে কুলাউড়া থেকে রবিরবাজারগামী একটি অটোরিকশা (মৌলভীবাজার-থ ১২০৭৮৩) অপর দিক থেকে আসা অটোরিকশার (মৌলভীবাজার-থ ১২১৬৮৭) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারীসহ ৯ যাত্রী আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহতরা হলেন, পটুয়াখালী জেলার ফাঙ্গাশিয়া এলাকার জয়নাল সিকদারের ছেলে রিয়াজ সিকদার (২০), জুড়ী উপজেলার লাল মিয়ার ছেলে অটোরিকশার চালক ফুরকান মিয়া (২৫), মৌলভীবাজার সদর উপজেলার কপ্তার মিয়ার ছেলে বদরুল মিয়া (২২), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে কবির আহমদ (৩০), কবির মিয়ার ছেলে আল আমিন (২১), গবিনপুর এলাকার গনেশ রায়ের ছেলে মরণ রায় (৪০), কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের পুরসাই গামের মৃত আব্দুস শহীদের ছেলে অপর অটোরিকশা চালক হারুন মিয়া (২৩), জয়চণ্ডি ইউনিয়নের গিয়াসনগর গ্রামের মৃত আব্দুল মতিনের স্ত্রী হাসনা বেগম (৩৩) ও হাসনা বেগমের মেয়ে সালমা বেগম (১৬)।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মিনাছ উদ্দিন জানান, হাসনা বেগম ও সালমা বেগম ছাড়া সবাই গুরুতর আহত হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত