বিয়ানীবাজার প্রতিনিধি

০৭ মে, ২০১৭ ১৯:৩৪

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন স্থগিতের রিট খারিজ, ভোটগ্রহণ সোমবার

বিয়ানীবাজার পৌরসভার একটি কেন্দ্রে আগামীকাল সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

২৫ এপ্রিল অনুষ্ঠিত এ পৌরসভার নির্বাচনে ব্যাপক জালভোট ও সহিংসতার কারণে কসবা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোট বাতিল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, বাতিল হওয়া এই কেন্দ্রে পুনরায় ভোট অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র জানায়, রোববার (৭ মে) এই কেন্দ্রের ভোট স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মামলা দায়ের করেন বর্তমান পৌর প্রশাসক মো. তফজ্জুল হোসেন। শুনানি শেষে এ আবেদনটি খারিজ করে দেন আদালত। ফলে এ কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হতে আপাতত: কোন আইনি বাঁধা নেই।

রিটার্নিং অফিসার মো. মনির হোসেন জানান, নির্বাচন উপলক্ষে পৌর এলাকার ৩নং ওয়ার্ডে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কমিশন। কেন্দ্রে সার্বক্ষণিক একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। এছাড়াও র‌্যাব, পুলিশ, বিজিবি, আর্মড পুলিশের সহায়তায় তিনস্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।

এই কেন্দ্রের জাল ভোট নিয়ন্ত্রণ করতে রিটার্নিং অফিসারের কাছে কয়েকটি প্রস্তাবনাসহ লিখিত আবেদন জানিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তফজ্জুল হোসেন।

বিএনপি প্রার্থী আবু নাসের পিন্টু জানান, কেন্দ্রটি আওয়ামী লীগ প্রার্থীর নিজ গ্রামে হওয়ায় জাল ভোটের আশঙ্কা করছি। জাল ভোটের কারণে গত নির্বাচন এখানে বাতিল ঘোষণা করা হয়।

উল্লেখ্য, বিয়ানীবাজার পৌরসভার ১০টি কেন্দ্রে গত ২৫ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হয়। একটি কেন্দ্রের ভোট বাতিল হওয়ায় মেয়র পদে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। ৯টি কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী আবু নাসের পিন্টু ৩৬২৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামী লীগের আব্দুস শুকুর পেয়েছেন ৩৪৭১ ভোট। তৃতীয় স্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান প্রশাসক মো. তফজ্জুল হোসেন। তার প্রাপ্ত ভোট ৩৩০৪।

একটি কেন্দ্রের ভোট অনুষ্ঠিত হলেও প্রতিদ্বন্ধিতাকারী ৮ মেয়র প্রার্থীর পাঁচজনই প্রচারণায় নেই। নয়জন কাউন্সিলার প্রার্থীর আটজন প্রচারণায় আছেন।


আপনার মন্তব্য

আলোচিত