১০ মে, ২০১৭ ১৮:৪৩
বিশ্বনাথে অতি দরিদ্র কৃষকদের বদলে অকৃষক, বিত্তবান বয়স্ক ও বিধবা ভাতাভোগীরা পাচ্ছে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দেওয়া সরকারের বিশেষ বরাদ্দের ৩৮ কেজি চাল ও নগদ ৫০০ টাকা। শুধু তাই নয় একই পরিবারের দুই সদস্যদের ওই ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় ইউপি সদস্যসহ দায়িত্বপ্রাপ্তদের যোগসাজশে তাদের মনোনীত সচ্ছল ব্যক্তিদেরই কেবল ওই বিশেষ বরাদ্দের চাল দেওয়া হচ্ছে বলে ইউএনও বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ মে) বিকেলে রামপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লালু মিয়া, হাবিবুর রহমান, ইলিয়াস মিয়া, আব্দুন নুর, চান্দ আলী, নিজাম উদ্দিন, ইজার আলী, মনোর আলী, গিয়াস উদ্দিন, আব্দুর রহমান, তবারক আলী, ইসাদ আলী, চন্দন মিয়াসহ ৫৫ জন স্বাক্ষরিত এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ইলামের গাঁওয়ের (আটঘর) একই পরিবারের আমির আলীর ছেলে আব্দুস সত্তার ও তার আপন ভাই মৃত উস্তার আলীর স্ত্রী (বিধবা ভাতাপ্রাপ্ত) আনছারুন বেগম, অকৃষক আযম আলীর ছেলে দেওয়ান আলী, তজম্মুল আলীর ছেলে আছদ্দর আলী, অকৃষক ও বিত্তবান মৃত আশদ আলীর ছেলে মনির আলী, ইলামের গাঁওয়ের চাল ব্যবসায়ী আব্দুল মতিন এশাদ, বিধবা ভাতাপ্রাপ্ত মৃত রহমত আলীর স্ত্রী মিনারা বেগম, আনর মানদের ছেলে ইছব আলীসহ বেশ ক’জনকে বরাদ্দ দেওয়া হয়েছে।
স্মারকলিপির সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সফিকুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পেলে জরুরী ভিত্তিতে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।
আপনার মন্তব্য