১১ মে, ২০১৭ ১৩:৫৩
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে সিএনজি অটো রিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটো রিকশার এক যাত্রী নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ মে) সকালে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের নুরজাহান প্রবেশ পথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন সিএনজি অটো রিকশার যাত্রী ইমাম হোসেন (৩৬)। তার বাড়ি শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জানাউড়া গ্রামে।
দুর্ঘটনায় গুরুতর আহত আরো তিন যাত্রীকে প্রথমে শ্রীমঙ্গল সদর হাসপাতালে ও পরে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়।
পুলিশ দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিক্সা ও কাভার্ড ভ্যানটি জব্দ করে শ্রীমঙ্গল থানায় নিয়ে গেছে। নিহত ইমাম হোসেনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম দুর্ঘটনা ও নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য