১১ মে, ২০১৭ ১৮:১৭
মৌলভীবাজারের বড়লেখায় এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্রে ১ম পত্রের পরিবর্তে ২য় পত্রের প্রশ্ন নেয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১১ মে) ব্যবসায় শিক্ষা বিভাগের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের ১ম পত্রের পরীক্ষায় বড়লেখা ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনাটি ঘটে।
পরীক্ষা শুরুর আগে বিষয়টি ধরা পড়ায় প্রশ্নপত্র পরিবর্তন করে পরীক্ষার্থীদের মাঝে তা বিতরণ করা হয়।যদিও থানা থেকে সঠিক প্রশ্নপত্র সংগ্রহ করে ১ম পত্রের পরীক্ষা নিতে এ কেন্দ্রের ৭৫ জন পরীক্ষার্থীর প্রায় ২০ মিনিট সময় খোয়া গেছে। তবে তারা নির্ধারিত সময়ে পরীক্ষা সম্পন্ন করেছে ।
পরীক্ষা কেন্দ্র, পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ মে) ব্যবসায় শিক্ষা বিভাগের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের ১ম পত্রের পরীক্ষা ছিল। পরীক্ষা যথাসময়ে শুরু করার জন্য সকাল সাড়ে ৮টায় বড়লেখা ডিগ্রি কলেজের কেন্দ্র সচিব থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ করেন।
পরে কেন্দ্রের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষে প্রশ্নপত্র সটিং করা হয়। পরীক্ষা শুরু করার কিছুক্ষণ আগে হঠাৎ ১ম পত্রের পরীক্ষায় ২য় পত্রের (এমসিকিউ) প্রশ্নপত্র আনার বিষয়টি ধরা পড়ে। এরপর তাৎক্ষণিক কেন্দ্র সচিব থানায় গিয়ে ২য় পত্রের (এমসিকিউ) প্রশ্নপত্র রেখে ১ম পত্রের (এমসিকিউ) প্রশ্নপত্র নিয়ে আসেন। তবে প্রশ্নপত্র পরিবর্তন হলেও পরীক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষা শুরু ও শেষ করে। প্রশ্নপত্র পরিবর্তনের এ ঘটনা তাৎক্ষণিকভাবে জানাজানি হলে শিক্ষা বিভাগ ও প্রশাসনের কর্মকর্তাদের মাঝে তোলপাড় সৃষ্টি হয়।
এ ব্যাপারে বড়লেখা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব অরুণ কুমার চক্রবর্তী ১ম পত্রের (এমসিকিউ) প্রশ্নপত্রের পরিবর্তে ২য় পত্রের (এমসিকিউ) কেন্দ্রে নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘ভুলবশত এ ঘটনাটি ঘটেছে। পরীক্ষা শুরুর প্রায় ৩০ মিনিট আগে আমাদের কাছে বিষয়টি ধারা পড়ে। তাৎক্ষণিক আমরা বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করার মাধ্যমে থানায় গিয়ে প্রশ্নপত্র পরিবর্তন করি। এরপর যথাসময়ে পরীক্ষা শুরু ও সম্পন্ন হয়।’
আপনার মন্তব্য