মো. মুন্না মিয়া, জগন্নাথপুর

১৭ মে, ২০১৭ ০০:৩৭

সংযোগ সড়ক অভাবে জগন্নাথপুরে বিশ বছর ধরে পরিত্যক্ত সেতু

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ৯নং ওয়ার্ডের পশ্চিম ভবানীপুর এলাকায় খালের উপর নির্মিত সেতুটি ২০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেতুর দুপাশে সংযোগ সড়ক না থাকায় এটি কোনো কাজে আসছে না।

জানা যায়, প্রায় ২৫ মিটার দৈর্ঘ্য এ ব্রিজটি ১৯৯৮সালে নির্মাণ করা হয়।

তবে এলজিইডি ও পিআইও অফিসে খোজ নিয়েও ব্রিজটির নির্মানকারী প্রতিষ্ঠানের কোন তথ্য পাওয়া যায়নি। ব্রিজটি নির্মানের পর থেকেই স্থানীয় লোকজনদের কোনো কাজে আসেনি।

এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে তৎকালিন জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে নির্মিত ব্রিজের দু-পাশের রাস্তাটি পরবর্তন করে পশ্চিম ভবানীপুর ও পূর্ব ভবানীপুর এলাকাবাসী নলুয়ার হাওরে যাতায়াতের সুবিধার্থে ব্রিজ থেকে প্রায় ৩শ ফুট পূর্ব দিকে নতুন করে পশ্চিম ভবানীপুর সড়ক নির্মান হওয়ায় তখন থেকেই ব্রিজটি পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। কিন্তু নতুন করে নির্মিত সড়কটিতে ঐ স্থানে বাঁশের সাঁকো নির্মাণ করে সড়ক দিয়ে লোকজন যাতায়াত করছেন।

জগন্নাথপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম ভবানীপুর এলাকায় সরেজমিন গিয়ে দেখা যায়, পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পূর্ব পাশে রাস্তা বিহীন দন্ডায়মান ব্রিজটি জনসাধারনের কাজে আসছে না।

৯নং ওয়ার্ড কাউন্সিলার দ্বিপক গোপ জানান, ব্রিজটি কত সালে নির্মিত হয়েছিল তা আমার জানা নেই। তবে ধারনা করা হচ্ছে বিগত ২০বছর আগে নির্মান করা হয়েছে। ব্রিজটি অপসারণ হওয়া প্রয়োজন।

জগন্নাথপুর উপজেলা এলজিইডি অফিস সূত্র জানায়, ব্রিজটির নির্মানকারী প্রতিষ্ঠানের কোন তথ্য এখানে নেই। তবে কবে কখন এ ব্রিজটি নির্মান কাজ হয়েছে তার খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত